০৯:০২ পি.এম
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পেসারদের উন্নতির চিত্র আবারও আইসিসি র্যাঙ্কিংয়ে প্রতিফলিত হয়েছে।
বুধবার প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাসকিন ১২তম স্থানে উঠে এসেছে, যা নয় ধাপ অগ্রগতি। অন্যদিকে, শরিফুল ইসলাম দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে অবস্থান করছেন।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজে দারুণ বোলিংয়ের কারণে তাসকিনের এই অগ্রগতি হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি তিনটি উইকেট দখল করেন। তবে ওই ম্যাচে বাংলাদেশ ৯৯ রানে পরাজিত হয়।
আরও পড়ুন: মুশফিক ও জাকেরের তুলনা নিয়ে শান্তর মন্তব্য
এদিকে, ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭ রানে চার উইকেট নেওয়ার পর তার রেটিং বেড়ে ৭৪২-এ পৌঁছেছে। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ এবং তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের তুলনায় রশিদ ৮০ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন।
জিম্বাবুয়ের বিরুদ্ধে ১১০ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে আফগানিস্তানের সেদিকউল্লাহ আতাল ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ অগ্রসর হয়ে ২০তম স্থানে পৌঁছেছেন।
রাওয়ালপিন্ডিতে সিরিজের পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সালমান আগা ও ইংল্যান্ডের বেন ডাকেটেরও উন্নতি ঘটেছে। সালমান ১২তম স্থানে উঠে এসেছে, আর ডাকেটের অবস্থান বর্তমানে ১৩তম।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।
আরও পড়ুন: কাবাডি দলের লক্ষ্য শিরোপা, নেপালের উদ্দেশ্যে রওনা
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফানে রাদারফোর্ড ছয় ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি ১০ ধাপ অগ্রসর হয়ে ২৬তম স্থানে জায়গা করে নিয়েছেন।
সূত্র: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন