০৩:৪৭ পি.এম
কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী আব্দুল মমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, এর আগে একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্র তাঁকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও প্রতারণার মাধ্যমে নগদ প্রায় দেড় কোটি টাকা এবং ১০ একরের বেশি জমি হাতিয়ে নিয়েছে। নিহতের ছেলে অভিযোগ করেছেন যে, চক্রের জালিয়াতি ও সম্পদ আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসার আশঙ্কায় সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
দানবীর ও সমাজসেবক হিসেবে পরিচিত আব্দুল মমিনের মৃত্যুর প্রায় এক মাস পর তাঁর সম্পদ আত্মসাৎ, ব্ল্যাকমেইল ও প্রতারণার নানা তথ্য সামনে আসতে শুরু করে। এসব ঘটনায় দুই নারীসহ ১৫ জনকে আসামি করে গত ৫ নভেম্বর কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন তাঁর ছেলে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব লাকসাম থানা পুলিশকে দিয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬, রোববার রাত আনুমানিক ৯টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বিজরা বাজারের উত্তর পাশে এমআরএফ ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে চাঁদপুরমুখী লেনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা আব্দুল মমিনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের পক্ষ থেকে
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মহানগরীর মডার্ন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট দিবাগত রাত সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মনে করেছিল পরিবার। পরে পরিবারের পক্ষ থেকে লাকসাম থানায় অভিযোগ দায়ের করা হলে ২০২৬ সালের ২০ আগস্ট সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় মামলা নম্বর ৬ দায়ের করা হয়।
তবে নিহতের ছেলে ও মামলার বাদী ফখরুল ইসলামের দাবি, তাঁর বাবা একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের ফাঁদে পড়েছিলেন। চক্রের সদস্যরা তাঁর বাবার সরলতা ও বিশ্বস্ততার সুযোগ নিয়ে বিভিন্ন নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল শুরু করেন। এসব ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে নগদ প্রায় দেড় কোটি টাকা আদায় করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আব্দুল মমিনের স্বাক্ষর নেওয়া অলিখিত চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে এক হাজার শতকেরও বেশি জমি চক্রের সদস্যদের নামে দলিল ও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে রেজিস্ট্রি করে নেওয়া হয়। এসব সম্পদের মূল্য কয়েকশ কোটি টাকা বলে দাবি পরিবারের।
আরও পড়ুন: পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
মামলার বাদীর দাবি, এ ঘটনায় এর আগেও ২০২৪ সালের ৪ মে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা করেছিলেন তিনি। মামলাটির নম্বর ১২, জিআর নম্বর ৩৭০/২৪। ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল করেছে এবং বর্তমানে সেটি আদালতে বিচারাধীন।
ফখরুল ইসলামের অভিযোগ, আগের মামলার ভিকটিম ও সাক্ষী হওয়ায় এবং হানিট্র্যাপের মাধ্যমে হাতিয়ে নেওয়া সম্পদ হারানোর আশঙ্কায় চক্রের সদস্যরা তাঁর বাবাকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন তাঁদের নিয়ন্ত্রিত একটি অটোরিকশা দিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। পরে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় বলে দাবি তাঁর।
রবিউলের মৃত্যুর পর সামনে আসে সম্পদ ভাগাভাগির দ্বন্দ্ব। বাদীর ভাষ্য অনুযায়ী, হানিট্র্যাপ চক্রের অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত নিহত ব্যবসায়ী আব্দুল মমিনের বিশ্বস্ত দলিল লেখক বরুড়ার গালিমপুর এলাকার রবিউল। রবিউলের মৃত্যুর পর আব্দুল মমিনের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থ ও সম্পত্তির ভাগাভাগি নিয়ে চক্রের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, রবিউলের স্ত্রী ফাতেমা পারভীন জান্নাত, যিনি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী হিসেবে কর্মরত, তাঁকে ঘিরেও নানা তথ্য সামনে এসেছে। রবিউল ও ফাতেমা পারভীনের কথিত বিবাহবিচ্ছেদ এবং রবিউলের মৃত্যুর পর সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে চক্রের সদস্যদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। এর মধ্য দিয়ে প্রতারণা ও সম্পদ আত্মসাতের নানা তথ্য প্রকাশ পেতে শুরু করে।
আরও পড়ুন: তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ।
নিহতের ছেলে জানান, পরে এলাকাবাসী ও বিভিন্ন সাক্ষীর কাছ থেকে তিনি এসব ঘটনার বিস্তারিত তথ্য জানতে পারেন। তাঁর দাবি, বাবার মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল না; বরং সম্পদ আত্মসাৎ ও প্রতারণার ঘটনা আড়াল করতেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, হত্যা মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতারণার সঙ্গে জড়িত চক্রের কয়েকজন ইতিমধ্যে জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে তাঁদের নামে দলিল করা বেশ কিছু জমি নিহত আব্দুল মমিনের সন্তানদের ফেরতও দিয়েছেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, আব্দুল মমিনের মৃত্যুর পর শোক ও মানসিক বিপর্যয়ের কারণে সব তথ্য সংগ্রহ এবং আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিতে তাঁদের কিছুটা সময় লেগেছে।
মামলার বাদীর দাবি, এ ঘটনায় একাধিক প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী রয়েছেন। বিচারিক প্রক্রিয়ায় তাঁরা আদালতে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
আরও পড়ুন: একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন
তবে আব্দুল মমিনের মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যা, নাকি সড়ক দুর্ঘটনা—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। একইভাবে হানিট্র্যাপ, ব্ল্যাকমেইল, জমি আত্মসাৎ ও সম্পদ ভাগাভাগি নিয়ে ওঠা অভিযোগগুলোরও নিরপেক্ষ তদন্ত জরুরি। আদালতে দায়ের করা মামলার তদন্তে এসব অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন