বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৩ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ও নন-মেডিকেল কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন কার্যক্রমের জন্য একটি নতুন ছয় সদস্যের কমিটি গঠন করেছে। পাশাপাশি, সব পর্যায়ের বদলি ও পদায়ন কার্যক্রমকে ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি, মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
নতুন গঠিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (পার-১ ও ২) এবং সংশ্লিষ্ট শাখার সহকারী পরিচালক (পার-১/২/৩/৪)। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কমিটি বদলি ও পদায়নের প্রস্তাবগুলো পর্যালোচনা করে সুপারিশসহ কার্যবিবরণী তৈরি করবে। এসব সুপারিশ বাস্তবায়নের জন্য মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে কার্যকর করতে হবে।
আদেশ অনুযায়ী, সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বদলি ও পদায়ন কার্যক্রমকে ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে বদলি ও পদায়নের প্রক্রিয়ায় সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনা-২ আসনের (নেত্রকোনা সদর-বারহাট্টা) বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে বুধবার রাতে শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা বিএনপির সভাপতির এই উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে জনগণের নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে তিনি নেত্রকোনায় অবস্থান করছেন এবং নেতাকর্মীদের নিয়ে কাজ করছেন।
মিছিল চলাকালীন তার সঙ্গে শত শত দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার সোনিয়া গান্ধীর লেখা বই পড়া শুরু করেছেন। তিনি বর্তমানে সংসদীয় দলের চেয়ারপারসন ও রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধীর বইটির সহজ ভাষা ও লেখার ধরন পছন্দ করেছেন।
যদিও সোনিয়ার বইয়ের প্রশংসা করেছেন, তবে কংগ্রেসের সঙ্গে নিজের রাজনৈতিক সম্পর্ক অস্বীকার করেছেন জাভেদ আখতার। সম্প্রতি তিনি ‘রামায়ণ’ ও ভগবান রাম নিয়ে মন্তব্য করেছেন।
জাভেদ আখতার সোনিয়া গান্ধীর লেখা বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রশংসা করে জানিয়েছেন, তিনি সম্প্রতি বইটি পড়া শুরু করেছেন এবং এর লেখার ধরন তার কাছে বেশ ভালো লাগছে। তবে তিনি আবারও পরিষ্কার করেছেন যে তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত নন এবং দলের সমর্থকও নন। তবুও, তিনি সোনিয়া গান্ধীকে অত্যন্ত সম্মান করেন বলে জানিয়েছেন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, ‘আমি সবেমাত্র সোনিয়া গান্ধীর বইটি পড়ছি। আমার কাছে এটি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে এবং পড়তে খুব ভালো লাগছে। এর লেখার শৈলী অত্যন্ত সহজ-সরল, তাই খুব সহজেই পড়া যাচ্ছে। পুরো বইটি শেষ করার পরই আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব।’
তিনি আরও বলেন, ‘তবে আমি প্রকাশ্যে এটা বলতে চাই যে, আমি সোনিয়া গান্ধীকে ভীষণ সম্মান করি। আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত নই, কিন্তু তাকে অনেক শ্রদ্ধা করি। কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম। আমি তার দ্বারা ভীষণভাবে প্রভাবিত।’
সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ গত ১০ নভেম্বর প্রকাশিত হয়। বইটির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ নভেম্বর নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে করা হয়। অনুষ্ঠানে সোনিয়ার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াংকা গান্ধী উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে দেশের একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কর্নাটকের ডিকে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু উল্লেখযোগ্য। এছাড়া হাজির ছিলেন হামিদ আনসারি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, ফারুক আবদুল্লাহ, পি চিদম্বরম ও তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জাভেদ আখতার সাক্ষাৎকারে ‘রামায়ণ’ সিনেমা নিয়েও আলোচনা করেছেন। যদিও তিনি সিনেমাটি এখনও দেখেননি, তার মেয়ে তথা পরিচালক জোয়া আখতার সিনেমাটি দেখেছেন এবং প্রশংসা করেছেন।
জাভেদ আখতার বলেন, জোয়া খুব সহজে কোনো কিছুর প্রশংসা করেন না। এমনকি বাবার কাজের প্রশংসাও তিনি আজ পর্যন্ত করেননি। সে ক্ষেত্রে তার কথাতেই সিনেমাটি ভালো হবে বলে আমার বিশ্বাস।
ভগবান রাম প্রসঙ্গে জাভেদ আখতারের বক্তব্যও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ধর্ম নির্বিশেষে রামের ভাবনা ভারতীয়দের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। রামকে শুধু একজন ব্যক্তি হিসেবে দেখলে তার তাৎপর্য সীমিত হয়ে যায়। বরং রাম এক ধরনের জীবনদর্শন ও জীবনযাপনের পথ বলেই মনে করেন জাভেদ আখতার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমীর নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম। তিনি এর আগে উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মোহাম্মদ আলমগীর নবনির্বাচিত উপজেলা আমীর মোঃ শরিফুল ইসলামকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ মতিউর রহমান এবং জেলা অফিস সম্পাদক ফিরোজ বিশ্বাস।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর (শনিবার) বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের রোকন সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোটগ্রহণের মাধ্যমে ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা আমীর নির্বাচিত হন মোঃ শরিফুল ইসলাম।
এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অল্প সময়ের মধ্যেই উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যদের নাম প্রকাশ করা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে উদ্গীরিত গ্যাসের আগুন এখনও জ্বলতে দেখা যাচ্ছে। গ্যাসের উৎস, প্রকৃতি এবং ভূগর্ভস্থ মজুতের সম্ভাবনা সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাপেক্সের একজন কর্মকর্তা এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে সঙ্গে নিয়ে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানীতে গ্যাস উদ্গীরণ ও অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এই সময় তাঁরা গ্যাস নির্গমনের স্থান এবং জ্বলন্ত আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ছোট ইনানী এলাকার একটি গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরতায় গ্যাসের সন্ধান মেলে। এক পর্যায়ে ভূগর্ভ থেকে গ্যাসের সঙ্গে পানি বেরিয়ে আসতে শুরু করে এবং গ্যাসে আগুন জ্বলে ওঠে। এরপর থেকে আগুন জ্বলতে থাকে। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বাপেক্সের প্রাথমিক পর্যবেক্ষণে উদ্গীরিত গ্যাসে উচ্চমাত্রার হাইড্রোকার্বন ও কনডেনসেটের উপস্থিতি চিহ্নিত করা হয়েছে। তবে এটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসক্ষেত্র কি না, ভূগর্ভে গ্যাসের মজুতের পরিমাণ এবং গ্যাসের প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
এর আগে বাপেক্সের পক্ষ থেকে ঘটনাস্থলে গ্যাস নির্গমনের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছিল। আগুনের উৎস বন্ধ করতে গিয়ে ভূগর্ভে গ্যাসের চাপ ও অন্যত্র গ্যাস নির্গমনের সম্ভাবনার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
জ্বালানি বিভাগের যুগ্মসচিবের এই পরিদর্শনের মাধ্যমে ইনানীর গ্যাস উদ্গীরণ পরিস্থিতি মোকাবিলা ও সম্ভাব্য গ্যাসসম্পদ অনুসন্ধানে নতুন পদক্ষেপ আসবে কি না, তা নিয়ে স্থানীয়রা অপেক্ষা করছেন। তাঁদের প্রত্যাশা, দ্রুত কার্যকর ও নিরাপদ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হবে এবং ভূগর্ভস্থ গ্যাসের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ