০৪:৫২ পি.এম
সউদী আরবের একটি আদালত ৩৫ বছর বয়সী কেনীয় গৃহকর্মী এথার ওয়ানজা মুথোনিকে ব্যভিচারের অভিযোগে ১০০ দোররা মারার শাস্তি প্রদান করেছে। গত অক্টোবরে কয়েক দফা শুনানির পর আদালতের এই রায় ঘোষণা করা হয়। এই শাস্তির ভয়ে আতঙ্কিত মুথোনি এখন তাঁর এক বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে কেনিয়ায় ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুথোনি এক বছরেরও বেশি সময় ধরে সউদী আরব ছাড়ার চেষ্টা করে আসছেন। তবে চলমান ফৌজদারি মামলার কারণে তিনি দেশ ত্যাগে ব্যর্থ হন।
গত মাসে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মুথোনি পত্রিকাটিকে জানান, ‘আমি খুব ভয়ে আছি। আমার মনে হয় না আমি দোররা মারার এই কষ্ট সহ্য করতে পারব।’
আরও পড়ুন: ইরানে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা
মুথোনি, যিনি পাঁচ সন্তানের জননী, সউদী নিয়োগকারী প্রতিষ্ঠান 'মাহারা হিউম্যান রিসোর্সেস'-এর মাধ্যমে বৈধভাবে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। কর্মরত অবস্থায় 'মাহমুদ' নামের এক মিশরীয় ব্যক্তির সঙ্গে ক্ষণস্থায়ী সম্পর্কের পর তিনি গর্ভবতী হয়ে পড়েন।
২০২৫ সালের আগস্টে কর্মীদের জন্য নির্ধারিত থাকার জায়গায় তিনি এক সন্তানের জন্ম দেন। আদালতের নথি পর্যালোচনা করে পত্রিকাটি জানায়, একজন সুপারভাইজার বিষয়টি জানতে পেরে তাঁকে ও সদ্যজাত শিশুকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে পুলিশ এসে গর্ভাবস্থা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুথোনিকে আটক করে।
জিজ্ঞাসাবাদে মুথোনি পুলিশকে জানান যে সন্তানের বাবা ইতিমধ্যেই সউদী আরব ত্যাগ করেছেন। তবে আদালতের নথিতে লোকটির পুরো নাম বা পদবি প্রকাশ করা হয়নি।
পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পরও মুথোনিকে কর্মীদের থাকার জায়গা কিংবা কোনো আশ্রয়কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বাধ্য হয়ে তিনি রিয়াদের একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেন। স্থানটি সউদী আরব ছাড়তে ইচ্ছুক এমন প্রবাসী মায়েদের জন্য একটি অস্থায়ী মিলনস্থলে পরিণত হয়েছে।
আরও পড়ুন: হুথিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত
গত অক্টোবরে তিন বিচারকের একটি প্যানেল মুথোনিকে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের দায়ে দোষী সাব্যস্ত করে ইসলামি আইন অনুযায়ী ১০০ দোররা মারার নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন