০৩:১৭ পি.এম
চাঁদপুরের মতলব উত্তরে ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর দেওয়ান বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (৫ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- উত্তর বোরচর দেওয়ান বাড়ির নিজাম উদ্দিন (৩৯) এবং তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনা অনুযায়ী এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযানটি পরিচালিত হয়।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মো. ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ নম্বর এখলাছপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বোরচর এলাকায় অভিযান চালান। এ সময় নিজাম উদ্দিন ও রোজিনা বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ১৬টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জাল নোটগুলো উদ্ধার দেখানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মতলব উত্তর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জাল নোট কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন