১০:৩৩ পি.এম
পাবনার সুজানগরে চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে উপজেলা প্রশাসন চারজনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর দুজনকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের আকবর আলী এবং বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার বেড়া উপজেলার সাতবা গ্রামের রাকিবুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।
আরও পড়ুন: জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে স্থানীয় মোক্তার শেখের বাড়িতে চক্ষু ক্যাম্পের আয়োজন করে বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার। এর আগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও চশমা বিতরণের জন্য মাইকিং করা হয়। ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ওষুধ সরবরাহ করা হচ্ছিল।
এদিকে, চক্ষু ক্যাম্পের আড়ালে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা। পরে সংস্থাটির দেওয়া তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় রবিবার বিকেলে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে অভিযানে চিকিৎসক পরিচয়দানকারী আকবর আলী, বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টারের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলামসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের সুজানগর থানায় নেওয়া হয়।
অভিযানে আকবর আলী চিকিৎসক হিসেবে তার বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। একইভাবে রাকিবুল ইসলামও হাসপাতালের বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে তাদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন: সুনির্দিষ্ট অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া চক্ষু ক্যাম্পের প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে সোমবার (১৬ নভেম্বর) সকালে কারাগারে পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন