০৩:০৫ পি.এম
চট্টগ্রামের কর্ণফুলীতে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া অ্যাডভোকেট মো. কামাল উদ্দিনকে তার বাসা থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মইজ্জারটেক এলাকায় তার বাসা ঘেরাও করেন বেশ কয়েকজন ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কর্ণফুলী থানার ওসি নূর আহমদ আমার দেশকে জানান, ‘পলাতক আওয়ামী লীগ সভাপতি’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা কিছু লোক ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচিতি পাওয়ার পর দুই বছর ধরে আলোচনায় আসেন কামাল উদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি দলটির পলাতক নেতাদের সমালোচনা করে আসছিলেন। বিশেষ করে বিদেশে অবস্থানরত নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুকে নিয়মিত পোস্ট ও ভিডিও প্রকাশ করতেন তিনি।
আরও পড়ুন: মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯
গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এই প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেন তিনি। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানান তিনি। এরপর বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন পদে মনোনয়ন দেওয়ার কথা ফেসবুকে প্রকাশ করেন।
কামাল উদ্দিন আমার দেশকে বলেছিলেন, আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে পালিয়ে থাকায় দলটির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদেশে অবস্থানরত নেতারা দেশে কর্মীদের আন্দোলন-সংগ্রামে নামার আহ্বান জানালেও বিপদে পড়া কর্মীদের খোঁজ নেন না। এ পরিস্থিতিতে দেশে থাকা কর্মীদের সংগঠিত করতেই তার এই উদ্যোগ।
কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। চট্টগ্রাম জেলা আদালতে আইন পেশায় যুক্ত থাকার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এর আগে আওয়ামী লীগের পলাতক নেতাদের সমালোচনা করায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছিলেন কামাল উদ্দিন। গত ২২ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি ভিডিওতে তিনি কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়েছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
এ ছাড়া ২০২২ সালে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন কামাল উদ্দিন। তার অভিযোগ ছিল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেন কবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মোছলেম উদ্দিন আহমদের নাম ব্যবহার করে তার কাছ থেকে ওই টাকা নিয়েছিলেন। তবে মনোনয়ন না পাওয়ায় তিনি টাকা ফেরত চেয়েছিলেন। ওই অভিযোগের পর মোছলেম উদ্দিন আহমদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল।
তবে শনিবার তাকে বাসা থেকে উদ্ধারের ঘটনার পেছনে কী অভিযোগ রয়েছে, কারা তার বাসা ঘেরাও করেছিলেন এবং তাদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন