০৩:১০ পি.এম
ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা নানা ধরনের অভিনব কৌশল অবলম্বন করেন। তবে সবজি বিক্রি বাড়াতে দোকানের সামনে নৃত্যশিল্পী দিয়ে নাচানোর ঘটনা বেশ ব্যতিক্রমী। ভারতের চেন্নাইয়ের এক সবজি বিক্রেতা এমন কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি সবজির দোকানের সামনে শাড়ি পরা এক তরুণী বলিউড সিনেমা ‘রা ওয়ান’-এর জনপ্রিয় গান ‘ছম্মক ছল্লো’র তালে নাচছেন। তার পেছনে সারি করে রাখা রয়েছে আলু ও পেঁয়াজের বস্তা।
এ সময় দোকানের ভেতরে বসে ওই নাচ উপভোগ করতে দেখা যায় সবজি বিক্রেতাকে। তাকে কখনও হাসতে, আবার কখনও হাততালি দিতে দেখা যায়। দোকানের সামনে এমন অপ্রত্যাশিত আয়োজন দেখতে পথচারী ও ক্রেতাদের ভিড়ও জমে যায়।
আরও পড়ুন: জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: সেলিম উদ্দিন
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ এবং বিক্রি বাড়াতেই চেন্নাইয়ের ওই আলু-পেঁয়াজ বিক্রেতা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। পরে সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতোমধ্যে কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন বলে জানা গেছে। অনেক নেটিজেন ব্যবসায়ীর এই ‘আউট অব দ্য বক্স’ কৌশলের প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ক্রেতা আকর্ষণের জন্য এর চেয়ে অভিনব কৌশল আর কী হতে পারে!
তবে বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। তাদের মতে, ব্যবসা বাড়ানোর জন্য এমন আয়োজন কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
সব মিলিয়ে, সাধারণ একটি আলুর দোকানের সামনে নৃত্যশিল্পীর পারফরম্যান্স এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। আর অভিনব এই প্রচারণা আদৌ আলু-পেঁয়াজের বিক্রি কতটা বাড়িয়েছে, সেটিই এখন কৌতূহলের বিষয়।
আরও পড়ুন: গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন