০২:৩৩ পি.এম
কুমিল্লায় জুমার নামাজের খুৎবা চলাকালীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মিছিলে নেতৃত্বদানকারী মূলহোতা ছাত্রলীগ নেতা কাইয়ুমসহ অন্যান্য সক্রিয় অংশগ্রহণকারীদেরও গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জুমার খুৎবা চলাকালীন নূরপুর তেলিকোনা এলাকায় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী হঠাৎ একত্রিত হন। তারা এ সময় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করেন।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ শুরু করে। পরবর্তীতে জেলা ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ ও একটানা সাড়াশি অভিযানে মিছিলে নেতৃত্বদানকারী সাওয়ালপুর এলাকার ছাত্রলীগ নেতা কাইয়ুম এবং সক্রিয় অংশগ্রহণকারী আজিজুর রহমান নীরব, হাসিব ও জামিল ইসলামসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বাকিদের গ্রেফতারে জেলা পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন