০১:৩৪ এম
সাতক্ষীরায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও চোলাই মদসহ আটক ১
মামলার এজাহার অনুযায়ী, আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মোখলেছুর রহমান ওই মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্রকে বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব দিতেন। ছাত্রটি রাজি না হওয়ায় তাকে হয়রানি ও মারধর করা হতো। এছাড়া, গত কয়েক দিন ধরে গভীর রাতে নিজের কক্ষে নিয়ে শিক্ষার্থীকে দিয়ে হাত-পা টেপানোর অভিযোগও করা হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ ২১ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বোর্ডিং থেকে চাল-ডাল নিয়ে রান্নাঘরে ফেরার পথে ওই শিক্ষক শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে যৌন নিপীড়ন করা হয়। এ সময় শিক্ষার্থী চিৎকার করলে অভিযুক্ত শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং কাউকে ঘটনাটি না জানানোর জন্য নিষেধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বাড়িতে ফিরে ওই শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানায়। অসুস্থ বোধ করায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. আক্তারুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে একপর্যায়ে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন