ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদের মাটিতে আলু চাষের সফলতা, গবেষণায় নতুন সম্ভাবনা


চাঁদের মাটিতে আলু চাষের সফলতা, গবেষণায় নতুন সম্ভাবনা

বিজ্ঞানীরা চাঁদের মাটিতে ফসল উৎপাদনের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে আরও একটি পদক্ষেপ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা গবেষণাগারে তৈরি কৃত্রিম চাঁদের মাটিতে আলু উৎপাদনে সফলতা অর্জন করেছেন। তাদের দাবি, উৎপাদিত আলু খাওয়ার উপযোগী হতে পারে। নাসার অর্থায়নে পরিচালিত এই গবেষণাটি ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।

চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তোলার জন্য খাবার, পানি এবং বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ। পৃথিবী থেকে সব ধরনের খাবার চাঁদে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই চাঁদে খাদ্য উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানীরা কাজ করছেন। নাসার আর্টেমিস মিশনের লক্ষ্যগুলোর মধ্যে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

গবেষণার প্রধান গবেষক অ্যামেরিক গোয়ের নেতৃত্বে বিজ্ঞানীরা চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে পাঁচ ধরনের কৃত্রিম রেগোলিথ তৈরি করেছেন। চাঁদের প্রকৃত মাটি বা রেগোলিথ মূলত ভাঙা পাথর ও ধুলাবালুর মিশ্রণ। এতে পৃথিবীর মাটির মতো জৈব পদার্থ এবং পর্যাপ্ত নাইট্রোজেনের অভাব রয়েছে। তাছাড়া এতে তামার মতো ভারী ধাতু রয়েছে। এই কারণে রেগোলিথে সরাসরি ফসল উৎপাদন করা কঠিন।

আরও পড়ুন: আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ ২৫ নভেম্বর বন্ধ, ১৮ ডিসেম্বর চালু হবে

সমস্যার সমাধানে গবেষকেরা কৃত্রিম রেগোলিথের সঙ্গে কেঁচোর মাধ্যমে তৈরি জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে গ্রিনহাউসে ‘মোডক’ জাতের আলু চাষ করেন।

পরীক্ষায় দেখা গেছে, জৈব সার ছাড়া আলুগাছের শিকড় ও কন্দের বৃদ্ধি খুবই সীমিত ছিল। তবে রেগোলিথের সঙ্গে ৫ থেকে ১৫ শতাংশ জৈব সার মেশালে গাছের বৃদ্ধি কিছুটা স্বাভাবিক হয়। আর ৩০ শতাংশ জৈব সার ব্যবহার করলে আলুর ফলন ও মান যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের হার্মিস্টন এলাকার মাটিতে উৎপাদিত আলুর সমপর্যায়ে পৌঁছায়। হার্মিস্টন উন্নত মানের আলু উৎপাদনের জন্য পরিচিত।

গবেষকদের ধারণা, জৈব পদার্থ রেগোলিথের ভারী ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সেগুলোর শোষণ কমাতে সহায়তা করে। ফলে গাছের জন্য ক্ষতিকর ধাতু গ্রহণের ঝুঁকি কমে যায়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, উৎপাদিত আলুর পুষ্টিগুণ অক্ষুণ্ন ছিল। এছাড়া আলু সবুজ হয়ে গেলে যে প্রাকৃতিক বিষাক্ত উপাদান গ্লাইকোঅ্যালকালয়েড তৈরি হতে পারে, তার পরিমাণেও পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি। তবে কিছু পরীক্ষায় আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সামান্য বেশি পাওয়া গেছে। তাই এসব উপাদানের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। আলুগুলো ছোট টবে উৎপাদন করা হয়েছিল। তুলনামূলক পরীক্ষায় পৃথিবীর মাটিতে উৎপাদিত আলুর গড় ওজন ১০ গ্রামের কম ছিল। ফলে বড় পরিসরে চাষের ক্ষেত্রে একই ফল পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।

গবেষক গোয়ে জানিয়েছেন, উৎপাদিত আলুর নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। গবেষকেরা এখনো সেগুলোর স্বাদ গ্রহণ করেননি। পরবর্তী পর্যায়ে বড় টবে আলুর ১০টি জাত নিয়ে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

গবেষকদের মতে, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে সীমিত পরিমাণ জৈব পদার্থ চাঁদে নিয়ে যেতে পারেন। পরে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য ব্যবহার করে সেখানেই জৈব সার তৈরি করা সম্ভব হতে পারে। এতে চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তোলার ক্ষেত্রে খাদ্য উৎপাদনের নতুন পথ খুলতে পারে।

সব মিলিয়ে, কৃত্রিম চাঁদের মাটিতে আলু উৎপাদনের এই সাফল্য মহাকাশে কৃষি এবং ভবিষ্যৎ চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে চাঁদের প্রকৃত পরিবেশে এই পদ্ধতি কতটা কার্যকর হবে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

আরও পড়ুন: আগামী সপ্তাহে সরকার গঠনের ঘোষণা দিতে পারেন গাদি আইজেনকোট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে জেলা প্রশাসকের গণশুনানিতে ২৫ জনকে আর্থিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


বরিশালে জেলা প্রশাসকের গণশুনানিতে ২৫ জনকে আর্থিক সহায়তা

বরিশাল, ২৫ নভেম্বর ২০২৬ : অসহায়, অসচ্ছল ও বিপদগ্রস্ত মানুষের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩৭ জন বিপদগ্রস্ত ব্যক্তি তাদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার গণশুনানিতে সভাপতিত্ব করেন। তিনি সেবাপ্রার্থীদের আবেদন ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে ২৫ জনকে মোট ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। বাকি ১২ জনের সমস্যা স্থায়ীভাবে সমাধান করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান এবং সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাপ্তাহিক গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে চিকিৎসা সহায়তা, দুর্ঘটনাজনিত ক্ষতি, শিক্ষা সহায়তা ও আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয়ে আবেদন করেন সেবাপ্রার্থীরা। তাদের আবেদন বিবেচনায় নিয়ে প্রকৃত অসহায় ও অসচ্ছল মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক কয়েকজন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকারকে নির্দেশ দেন। তিনি নারীদের আত্মনির্ভরশীল করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারকে নির্দেশ দেন।

মো. মামুন খন্দকার বলেন, প্রকৃত অসচ্ছল ও অসহায় মানুষ জেলা প্রশাসনের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। যারা সত্যিকার অর্থে অসহায় এবং সরকারি সহায়তা পাওয়ার যোগ্য, জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে আবেদনগুলো যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।

গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার নাফিস-উর-রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলী বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের সভা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


শকুন রক্ষায় সুন্দরবনে ১০ দেশের গবেষক-বিজ্ঞানীদের সভা

মহাবিপন্ন প্রাণী শকুনের সুরক্ষা ও বংশ বৃদ্ধির উদ্দেশ্যে সুন্দরবনে একটি দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা শুরু হয়েছে। বাংলাদেশ বন বিভাগ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভ্যাসেল জাহাজে এই সভার আয়োজন করে। এতে এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১০টি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী, আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা এবং বাংলাদেশের শীর্ষ বন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী সভায় বক্তব্য রাখার সময় জানান, সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা বর্তমানে মাত্র ২৪৮টি। চার দশক পূর্বে এই সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। মহাবিপন্ন এই প্রাণীটির বিলুপ্তি রোধে এশিয়াস ভলচার্স ফ্রম একটিংশন ২০১১ সাল থেকে কাজ করছে। উল্লেখ্য, ২০০৫ সালে কম্বোডিয়ায় এ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল।

এবার বাংলাদেশে শকুন রক্ষায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হচ্ছে। সভা থেকে শকুনের সম্পূরক খাদ্য সরবরাহ, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া প্রাণীটির দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারিত্বকে জোরদার করার পাশাপাশি অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকারগুলো চিহ্নিত করার কাজ চলছে।

প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী উল্লেখ করেন, এশিয়ার শকুনদের বিলুপ্তি রোধে সম্মিলিত পদক্ষেপকে ত্বরান্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীশূন্য মাদরাসায় দিনে ঝাড়ফুঁক, রাতে পিকনিকের আসর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


শিক্ষার্থীশূন্য মাদরাসায় দিনে ঝাড়ফুঁক, রাতে পিকনিকের আসর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসায় গত চার-পাঁচ বছর ধরে নিয়মিত শিক্ষার্থী বা শিক্ষা কার্যক্রমের অভাব দেখা দিয়েছে। বেতন-ভাতা বন্ধ থাকায় শিক্ষকরা অন্য পেশায় চলে গেছেন। তবে এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ থাকলেও অভিযোগ উঠেছে, দিনে এখানে নারী ও শিশুদের ‘ঝাড়ফুঁক’ চিকিৎসা করা হয় এবং রাতে তরুণ-যুবকরা হাঁস-মুরগি ও ছাগলের মাংস নিয়ে মাঝরাত পর্যন্ত পিকনিকের আয়োজন করেন।

এ পরিস্থিতিতে শান্তিপ্রিয় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও বিভাজন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মাদরাসার প্রায় ২০ শতক জমি ও দুটি ঘর দখল করার লক্ষ্যে একটি প্রভাবশালী মহল ইউসুফ হোসেন নামে এক যুবককে ঢাল হিসেবে ব্যবহার করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানবেষ্টিত দুটি টিনের ঘরের সামনের জরাজীর্ণ কক্ষে ২০-২২ জন শিশুকে পড়াচ্ছেন মর্জিনা খাতুন নামে এক নারী। তিনি জানান, তিনি ওই মাদরাসার কেউ নন; নিজস্ব জায়গা না থাকায় পরিত্যক্ত এই কক্ষে তিনি ইসলামিক ফাউন্ডেশনের শিশুশিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের পাঠদান করেন।

অন্যদিকে, ভেতরের পরিপাটি টিনের ঘরটিতে রান্নাবান্নার বিশাল সব হাঁড়ি-পাতিল ও সরঞ্জামের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেখানে বসবাস করেন কুষ্টিয়ার খোকসা উপজেলার সমেশপুর এলাকার যুবক ইউসুফ হোসেন। নিজেকে মাদরাসার ‘ক্বারিয়ানা বিভাগের খণ্ডকালীন শিক্ষক’ দাবি করে ইউসুফ জানান, চাকরি না থাকায় তিনি এখানে থাকেন এবং মানুষের রোগবালাইয়ের তদবির দেন। নারীদের অবাধ যাতায়াতের অভিযোগ অস্বীকার করলেও তিনি স্বীকার করেন, প্রতিষ্ঠান বন্ধ থাকায় এলাকার কিছু তরুণ-যুবক চাঁদা তুলে হাঁস-মুরগি বা ছাগল এনে এখানে রান্নাবান্না ও আনন্দ করেন।

স্থানীয় ফারুক ও শহিদুল ইসলাম খোকনসহ কয়েকজন দাবি করেন, ভবিষ্যতে সরকারি অনুদান পাওয়ার আশায় তারা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

মাদরাসাটির কথিত প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, "বেতন না পাওয়ায় চার-পাঁচজন শিক্ষকের কেউই এখন আর আসেন না, ফলে প্রতিষ্ঠানটি বন্ধ। আমি মাঝেমধ্যে এসে খোঁজখবর নিই।" তবে দীর্ঘ বছর প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও প্রতিবছর শিক্ষার্থীদের বিপরীতে সরকারি বই উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি অন্য শিক্ষকদের সাথে কথা বলে জানাবেন বলে বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুলতান আলী জানান, শিক্ষাবর্ষের শুরুতে আবেদন করায় ওই মাদরাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানকে কিছু বই সরবরাহ করা হয়েছে। তবে স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা দেখভাল করার কোনো দায়দায়িত্ব তাদের অফিসের নেই বলে তিনি দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ফলে মো. টমাস আলী নামক এক কৃষক লীগ নেতা নিহত হন। এই ঘটনার সময় অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা মাঠে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশের সূত্র অনুযায়ী, নিহত টমাস আলী বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মোস্তফা আলীর পুত্র ছিলেন। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিকেলে পারচৌকা মাঠে ককটেল তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণে টমাস আলী গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। এ সময় তার তিনজন সহযোগীও গুরুতর আহত হন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে অবহিত করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনার বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%