০৫:৫২ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার, দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "আইইডিসিআরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচালকের নিজ কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধরের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।" তিনি আরও বলেন, "কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা মতপার্থক্য থাকলে তা আইনানুগ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে।"
অধ্যাপক কাজী আহমেদ জাকিরের অভিযোগের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ হামলা ঘটিয়েছেন। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো মব সৃষ্টি করে দেশে অরাজকতা ও অশান্তি তৈরি করছে।
আরও পড়ুন: আইসিজের রায়কে ইতিবাচক বললেন জামায়াত আমির, রোহিঙ্গাদের দুই বছরের মধ্যে প্রত্যাবর্তনের দাবি
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "আইন নিজের হাতে তুলে নেওয়া, দলীয় প্রভাব খাটানো কিংবা সংঘবদ্ধভাবে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করা অপরিহার্য।
তিনি আরও বলেন, "কোনো প্রতিষ্ঠানের প্রধানের ওপর তার কার্যালয়ে হামলার অভিযোগ শুধু সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার বিষয় নয়; এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পেশাগত স্বাধীনতার জন্যও উদ্বেগের কারণ।"
বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের পরিচয় ও দায় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে অধ্যাপক কাজী আহমেদ জাকিরের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইইডিসিআরসহ দেশের সব সরকারি প্রতিষ্ঠানে নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের এ নেতা।
আরও পড়ুন: শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির জন্য ম্যাট্রিক্সের চিঠি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন