ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, চোরাচালান আটক


সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, চোরাচালান আটক

সুনামগঞ্জসহ সিলেট সীমান্তে চলতি বছরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ টহল ও অভিযানের মাধ্যমে ১৮০ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এছাড়াও, ৮১ জন আসামি, ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।

বৃহস্পতিবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন সর্বদা সতর্কতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

তিনি আরও বলেন, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রিকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরো জানান, সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় বিভিন্ন নৌযানসহ এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন।

সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বরিশালে মাকে হত্যার অভিযোগে ছেলের বিরুদ্ধে শাবলের আঘাত, যুবক আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দর্গাহপুর মহিলা আলিম মাদ্রাসার ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে, আলিম পরীক্ষায় শতভাগ ফেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


দর্গাহপুর মহিলা আলিম মাদ্রাসার ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে, আলিম পরীক্ষায় শতভাগ ফেল

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের দর্গাহপুর মহিলা আলিম মাদ্রাসা থেকে চলতি বছর আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শতভাগ ফেল করার ঘটনা ঘটেছে। এই প্রতিষ্ঠানের আটজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

সরেজমিনে তথ্য সংগ্রহে জানা গেছে, দর্গাহপুর মাদ্রাসার শিক্ষার্থীদের বিয়ের কারণে অনেকেই ক্লাসে উপস্থিত হতে পারেননি।

দর্গাহপুর মহিলা আলিম মাদ্রাসার প্রিন্সিপ্যাল মো. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, আলিম শ্রেণিতে ২৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন ১০ জন। তবে, পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ জন, এবং তাদের সবাই ফেল করেন।

মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছেন, অধিকাংশ শিক্ষার্থী গরিব পরিবার থেকে আসেন। ভর্তি হওয়ার পরপরই তাদের অভিভাবকরা মেয়েদের বিয়ে দিয়ে দেন। এবারের ভর্তি হওয়া ২৭ জনের সবার বিয়ে হয়ে গেছে। বিয়ের পর তাদের পড়ালেখায় আগ্রহ কমে যায়। এছাড়া, মাদ্রাসার মাধ্যমিক পর্যায়ে বেশ কয়েকটি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি বিষয়ের শিক্ষক সংকট রয়েছে। মাত্র অর্ধ কিলোমিটার দূরে আরেকটি মাদ্রাসার উপস্থিতি ফলাফল বিপর্যয়ের একটি কারণ বলে তারা উল্লেখ করেছেন।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে ইবতেদায়ি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ২৫৪। শিক্ষকের সংখ্যা ইবতেদায়ি পর্যায়ে চার জন, মাধ্যমিক পর্যায়ে ছয় জন এবং দ্বাদশ শ্রেণি পর্যায়ে প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যালসহ ১০ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত, শারীরিক শিক্ষা, সমাজবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং কলেজ পর্যায়ে সহকারী মৌলভী (কারি) বিষয়ে শিক্ষক নেই। ১৯৯৩ সালে এই প্রতিষ্ঠানটি আলিম পর্যায়ের অনুমতি লাভ করে।

প্রিন্সিপ্যাল মো. আব্দুল কুদ্দুস বলেন, যে ৮ জন ফেল করেছে, তাদের সবাই আইসিটি বিষয়ে এবং তিনজন আলাদা তিন বিষয়ে ফেল করেছে। আইসিটি শিক্ষক না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে, তিনি জানান, গত বছর ফলাফল বেশ ভালো ছিল। গতবার ১০ জনের মধ্যে ৯ জন পাশ করেছিল।

পরীক্ষার ফলাফল এবং মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, খারাপ ফলাফলকারী প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ইতোমধ্যে আমরা আলোচনা করেছি। আলাদা করে বসার সময় হয়ে ওঠে না। কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের এত ব্যয়, অথচ তার আউটপুট শূন্য- এভাবে তো চলতে পারে না।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, "আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। আলিম ক্লাসের শিক্ষার্থী, মানে তাদের ১৮ বছরই তো হয়নি। কিভাবে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে মাদ্রাসায় হামলা: শাহজালাল রুমীর জামিন মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


টঙ্গীতে মাদ্রাসায় হামলা: শাহজালাল রুমীর জামিন মঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষাপটে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীর জামিন মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

মামলাটির আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বেল্লাল হোসাইন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন মঞ্জুরের পর আইনজীবী বেল্লাল হোসাইন আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, "আইন নিজের হাতে তুলে নেয়া আইনজীবীরা কোনোক্রমেই সমর্থন করেন না। তবে ঘটনার আকস্মিকতায় কেউ আইনের সংস্পর্শে বা সংঘর্ষে জড়িয়ে পড়লে ন্যায়বিচারের স্বার্থে আইনজীবীরা আইনগত সেবা দেয় এটা তাদের পেশাগত দায়বদ্ধতা।"

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসান এর সমন্বয়ে গঠিত এনেক্স ভবনের ৯ নম্বর আদালত গত ৩ নভেম্বর শাহজালাল রুমীকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজ গাজীপুর দায়রা জজ আদালতে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আদালতে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট বেল্লাল হোসাইন, অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা, অ্যাডভোকেট মিজানুর রহমান টিটু, অ্যাডভোকেট সাদিয়া আফরিন, অ্যাডভোকেট কামরুন নাহার লিজাসহ আরও অনেকে। গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির অনেক সদস্যও উপস্থিত ছিলেন।

সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলায় সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পরে তার পক্ষে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হলে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশনা প্রদান করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫০ বিলিয়ন ডলারের চুক্তিতে ইন্দোনেশিয়ায় ১০টি আধুনিক স্মার্ট সিটি নির্মাণ করবে চীনা কনসোর্টিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


৫০ বিলিয়ন ডলারের চুক্তিতে ইন্দোনেশিয়ায় ১০টি আধুনিক স্মার্ট সিটি নির্মাণ করবে চীনা কনসোর্টিয়াম

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার অবকাঠামোগত উন্নয়ন ও নগরায়ণের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পশ্চিমা ঋণ ও শর্তযুক্ত সাহায্যের ওপর নির্ভরতা কমিয়ে এবার চীনের সঙ্গে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল চুক্তিতে আবদ্ধ হয়েছে জাকার্তা। এই চুক্তির আওতায়, চীনা প্রতিষ্ঠানগুলোর একটি শক্তিশালী কনসোর্টিয়াম ইন্দোনেশিয়ায় ১০টি অত্যাধুনিক ‘ফিউচার স্মার্ট সিটি’ বা স্মার্ট শহর নির্মাণ করবে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ এবং ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদ সচিবালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে চীনের শেনজেন শহরে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উপস্থিতিতে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

ইন্দোনেশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল ‘দানান্তারা’র অধীনে প্রতিষ্ঠান ‘পিটি কোটা মাসা দেপান ইন্দোনেশিয়া’ (কেএমডিআই) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শানসি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

২৮ কোটি ৮০ লাখ জনসংখ্যার এ দ্বীপরাষ্ট্রটিতে বিদ্যমান শহরগুলোর তীব্র যানজট ও পরিবেশদূষণ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শহরে গড়ে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এই ১০টি স্মার্ট সিটিতে প্রায় ৩০ লাখ মানুষের বসবাসের জন্য ১৫ লাখ আধুনিক আবাসন ইউনিট নির্মাণ করা হবে। এর পাশাপাশি, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, শপিং মল এবং নেটওয়ার্ক-সংযুক্ত সেন্সর ও আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলা হবে।

ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী ও দানান্তারার প্রধান নির্বাহী রোসান রোসলানি জানিয়েছেন, এটি দেশটির ইতিহাসের অন্যতম ঐতিহাসিক প্রকল্প হতে যাচ্ছে। আগামী ২০২৭ সালের শুরুতেই এর নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

চীনের সঙ্গে ৭১.৮ বিলিয়ন ডলারের বৃহত্তর প্যাকেজ

এপেক সম্মেলনে ইন্দোনেশিয়া ও চীনের মধ্যে মোট ৭১.৮ বিলিয়ন মার্কিন ডলারের চারটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে ৫০ বিলিয়ন ডলারের স্মার্ট সিটি প্রকল্পই সবচেয়ে বড়। এই প্যাকেজের বাকি চুক্তিগুলোর মধ্যে রয়েছে চীনা ইলেকট্রনিকস প্রতিষ্ঠান ‘হাইসেন্স’-এর সঙ্গে উৎপাদন ও গবেষণায় ১০ বিলিয়ন ডলারের চুক্তি, অবকাঠামো অর্থায়নে ১০ বিলিয়ন ডলারের আরেকটি বিশেষ তহবিল চুক্তি এবং কয়লা থেকে ইথানল প্রযুক্তি উদ্ভাবনে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি।

বিশ্লেষকদের মতে, গত বছর ইন্দোনেশিয়ায় মোট যে পরিমাণ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) এসেছিল, চীনের সঙ্গে স্বাক্ষরিত এই একক প্যাকেজ তার চেয়েও অনেক বড়। নিজ দেশে প্রায় ৫০০টি পাইলট স্মার্ট সিটি তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে চীন যেভাবে এশিয়ার দেশগুলোর অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসছে, তা বিশ্ব অর্থনীতিতে বেইজিংয়ের প্রভাব বিস্তারেরই বহিঃপ্রকাশ।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানায় অভিযানে নিষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


যাত্রাবাড়ী থানায় অভিযানে নিষিদ্ধ যুবলীগের তোফায়েল গ্রেফতার

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভোলা জেলার চরফ্যাশন থানার নিষিদ্ধ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ (৩৪) কে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

এ তথ্য আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফায়েল আহম্মেদ ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।

এছাড়া, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%