১০:৪৩ পি.এম
রাজধানীর পল্লবী এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধের দাবিতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন।
সোমবার (১৭ আগস্ট) পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগে কালশী এলাকা থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি পল্লবীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এভিনিউ-৫ এলাকায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: নৈরাজ্য রুখতে প্রস্তুত ঢাকা দক্ষিণ বিএনপি: আবদুস সালাম
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মাদক, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ করো’ এবং ‘কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান খান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন এবং ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল এলাহী।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও নারী নেত্রী লাইলীর নেতৃত্বে মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা মিছিলে অংশ নেন।
মিছিল শেষে একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, পল্লবীকে অপরাধমুক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভরতা যথেষ্ট নয়। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
বক্তারা অপরাধীদের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
আয়োজকেরা জানান, নিরাপদ ও অপরাধমুক্ত পল্লবী গড়ার লক্ষ্যে এলাকায় এ ধরনের জনসচেতনামূলক ও প্রতিবাদী কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন