০৪:১২ পি.এম
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানিয়েছেন যে, শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাজীবন সম্পন্ন করে সুনামের সঙ্গে ভালো জায়গায় কাজ করছে।
শনিবার দুপুরে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শহীদ মামুন পুলিশ লাইন্স স্কুলে একটি বড় ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে কাজ করবে। তিনি জানান, ইয়েলো বাসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। তিনি বলেন, "এই প্রতিষ্ঠানের সমস্যা আমাদের সবার সমস্যা।" শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রচেষ্টা প্রয়োজন।
আরও পড়ুন: ‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’
এর আগে, তিনি শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি উল্লেখ করেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে খুব আন্তরিক। শিক্ষার্থীদের জন্য একটি ভালো পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য হবে পড়াশোনা করে দেশ, জাতি এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।
এছাড়া অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, আরএমপির কর্মকর্তারা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হাসিনা এখন লাশের অপেক্ষায়, ফেসবুক পোস্টে মন্তব্য: সোহেল তাজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন