০৮:৫০ পি.এম
চাঁদপুর, ৪ আগস্ট, ২০২৬ : জেলার কচুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন দুটি ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করেছে।
আজ মঙ্গলবার বিকেলে কচুয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধামালুয়া উত্তর বিলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।
স্থানীয়দের অভিযোগ রয়েছে, ধামালুয়া গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা ও ড্রেজার ব্যবসায়ী কবির হোসেন দীর্ঘদিন ধরে কৃষকদের বাধা উপেক্ষা করে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন।
আরও পড়ুন: লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগের সাবেক সভাপতি আসাদুল আলম গ্রেপ্তার
এছাড়া, ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগও রয়েছে। এতে আশপাশের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এই অভিযানে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি অবৈধ ড্রেজার মেশিন ভেঙে অকেজো করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির মন্তব্য করতে গিয়ে বলেন, ফসলি জমি নষ্ট করে কোনো অবস্থাতেই অবৈধ ড্রেজার বা মাটি কাটা চলতে দেওয়া যাবে না। কৃষিজমি রক্ষার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময়ে কচুয়া পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কচুয়া থানার এএসআই আলমগীর হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন