১০:২৬ এম
যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি সৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আবারও আকাশসীমা খুলে দিয়েছে। এর ফলে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে বিমান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে এভিয়েশন কর্তৃপক্ষ।
হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, টেলিযোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণ চিহ্নিত করার পর স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিট) আকাশসীমা পুনরায় খুলে দেয়া হয়েছে। তবে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হবে।
বাতিল বা আটকে পড়া ফ্লাইটগুলোর বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘আজ রাতেই যত বেশি সম্ভব ফ্লাইট চলাচল শুরু করার চেষ্টা করব।’ শন ডাফি আরও জানান, পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্টদের উপস্থিতির ওপর নির্ভর করবে কোন ফ্লাইটগুলো ছেড়ে যেতে পারবে।
আরও পড়ুন: পুতিন-ট্রাম্পের বৈঠক এক ঘণ্টারও কম স্থায়ী
তিনি সতর্ক করে বলেন, এই বিপর্যয় কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে শনিবার উল্লেখযোগ্যসংখ্যক ফ্লাইট আবারও চলাচল শুরু করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এর আগে, বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারগুলোর যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রজুড়ে সব বহির্গামী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে এফএএ।
সান ফ্রান্সিসকো বিমানবন্দর ও বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার আগেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া ফ্লাইটগুলোকে উড্ডয়নের অনুমতি দেয়া হয়।
২০২৩ সালের জানুয়ারির পর যুক্তরাষ্ট্রে এই প্রথম দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দেয়া হলো। ওই সময় এফএএর গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। সর্বশেষ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছিল।
আরও পড়ুন: শি’র প্রশংসায় ট্রাম্প, নতুন ২০টিরও বেশি বাণিজ্য চুক্তি আসছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন