ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর, সামনে কী হতে পারে


গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর, সামনে কী হতে পারে

গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। ৩০ বছরের এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের অবস্থান এবং নতুন করে পানি বণ্টনের শর্ত নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত ২১ ও ২২ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম নিয়মিত বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র। ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা বৈঠকের অন্যতম বিষয় ছিল।

দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ এবং বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করেন। বৈঠকে গঙ্গা চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন (২০২৬ সাল) চূড়ান্ত হয়েছে। তবে বহুল আলোচিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন কিংবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৈঠকে জানানো হয়, চুক্তি নবায়ন বা মেয়াদ বাড়ানোর মতো নীতিগত সিদ্ধান্ত এই কারিগরি কমিটির এখতিয়ারভুক্ত নয়।

আরও পড়ুন: সৌদিতে হামলার ঘটনায় ভারতের কঠোর বার্তা, নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

চুক্তির পটভূমি

গঙ্গার পানি বণ্টন নিয়ে দুই দেশের বিরোধের সূত্রপাত ১৯৫০-এর দশকে ঘটে। সে সময় ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কায় একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধের নির্মাণকাজ ১৯৬১ সালে শুরু হয়। ১৯৭৫ সালে নির্মাণ শেষ হওয়ার পর গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করতে শুরু করে ভারত। কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে পলি অপসারণের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

বাঁধ নির্মাণের সময় থেকেই এ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছিল। ১৯৭৬ সালে বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন। তাঁর অভিযোগ ছিল, বাঁধের কারণে বাংলাদেশে গঙ্গার প্রধান শাখা পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাচ্ছে, যার ফলে নদী শুকিয়ে যাওয়া ও মরুকরণের ঝুঁকি তৈরি হচ্ছে।

পরবর্তী সময়ে ১৯৭৭, ১৯৮২ ও ১৯৮৫ সালে দুই দেশের মধ্যে কয়েকটি অন্তর্বর্তী পানি বণ্টন চুক্তি হলেও স্থায়ী সমাধান আসেনি। অবশেষে ১৯৯৬ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এতে শুষ্ক মৌসুমে, অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত পানিপ্রবাহ ভাগাভাগির কাঠামো নির্ধারণ করা হয়। পাশাপাশি চুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য যৌথ কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় এসআরবি’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সোহেল গ্রেফতার

চুক্তিতে পানি বণ্টনের নিয়ম

১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সময়ের পানিপ্রবাহের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে চুক্তিতে তিন স্তরের পানি বণ্টনব্যবস্থা রাখা হয়। চুক্তি অনুযায়ী, ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার নিচে নেমে এলে বাংলাদেশ ও ভারত সমানভাবে পানি ভাগ করে নেবে। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি ভারত পাবে। আর পানিপ্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক, বাকিটা পাবে বাংলাদেশ।

এ ছাড়া প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি ১০ দিনভিত্তিক পর্যায়ে পালাক্রমে দুই দেশকে ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে চুক্তিতে পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করার কোনো স্থায়ী নিশ্চয়তা নেই। জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ ধারা রয়েছে। চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদের তৃতীয় উপধারা অনুযায়ী, যেকোনো ১০ দিন মেয়াদে ফারাক্কায় পানিপ্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই সরকার জরুরি ভিত্তিতে আলোচনা করে সমন্বয়ের উদ্যোগ নেবে। এ ক্ষেত্রে ন্যায্যতা, সুবিচার এবং কোনো পক্ষের ক্ষতি না করার নীতি অনুসরণের কথা বলা হয়েছে।

পানি বণ্টন নিয়ে বিরোধ দেখা দিলে প্রথমে যৌথ কমিটির মাধ্যমে তা সমাধানের চেষ্টা করার কথা রয়েছে। সেখানে সমাধান না হলে বিষয়টি যৌথ নদী কমিশনে পাঠানো হবে। ১৯৭২ সালে গঠিত এই কমিশন দুই দেশের অভিন্ন ৫৪টি নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তির আওতায় রয়েছে শুধু গঙ্গা।

আরও পড়ুন: বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা কায়সার ওয়াদুদ বাবর গ্রেপ্তার

নবায়ন নিয়ে দুই দেশের মতপার্থক্য

সময়ের সঙ্গে দুই দেশের জনসংখ্যা বৃদ্ধি, পানির চাহিদা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় ১৯৯৬ সালের চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। চুক্তিতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে মেয়াদ শেষে নবায়নের সুযোগ রাখা হয়েছে। তবে দুই দেশই চুক্তির শর্ত নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছে।

গত বছর বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতের পক্ষ থেকে ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সময়ে অতিরিক্ত ৩০ হাজার থেকে ৩৫ হাজার কিউসেক পানি চাওয়া হতে পারে। একই সঙ্গে নতুন চুক্তির মেয়াদ ১০ থেকে ১৫ বছর করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছিল।

অন্যদিকে, যৌথ নদী কমিশনের একটি বৈঠকে বাংলাদেশ ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ৪০ হাজার কিউসেক পানি নিশ্চিত করার দাবি জানিয়েছিল বলে পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি চুক্তির মেয়াদ দীর্ঘ করার এবং বন্যার তথ্য আদান-প্রদান বাড়ানোর প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন: শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আনসার ব্যাটালিয়ন সতর্ক অবস্থানে

বাংলাদেশের অন্যতম দাবি হলো, চুক্তিতে পানির ন্যূনতম নিশ্চয়তা পুনর্বহাল করা। ১৯৭৭ সালের অন্তর্বর্তী চুক্তিতে এ ধরনের একটি বিধান ছিল। ওই চুক্তি অনুযায়ী, পানির প্রকৃত প্রাপ্যতা কম হলেও শুষ্ক মৌসুমের নির্দিষ্ট সময়ে বাংলাদেশ তার নির্ধারিত বরাদ্দের অন্তত ৮০ শতাংশ পাওয়ার নিশ্চয়তা পেত।

তবে ভারতের পক্ষ থেকে এ ধরনের নিশ্চয়তার বিরোধিতা রয়েছে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রধান নীলাঞ্জন ঘোষের মতে, পানির প্রকৃত প্রবাহ যা-ই হোক না কেন, নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের বাধ্যবাধকতা উজানের দেশের ওপর অসম ঝুঁকি তৈরি করতে পারে। এতে জলবায়ু পরিবর্তনের কারণে পানির সংকট দেখা দিলে ভারতের ওপর তুলনামূলক বেশি চাপ পড়তে পারে।

রাজনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট

২০২৬ সালের ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনে বড় জয়ের পর নতুন সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়টি থাকবে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

আরও পড়ুন: ছাত্রীকে পছন্দের পোশাক পরার প্রস্তাব, গোপন চ্যাটে মিলল শিক্ষকের আসল রূপ

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এ বিষয়টি দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের ২০২৬ সালের আগস্টে প্রস্তাবিত ভারত সফরও আর এগোয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের অভ্যন্তরেও চুক্তি নবায়ন নিয়ে আপত্তি রয়েছে। বিহারে বিজেপির মিত্র জনতা দল (ইউনাইটেড) চুক্তির বিরোধিতা করে বলেছে, এটি রাজ্যের স্বার্থের পরিপন্থী। গত আগস্টে দলটি চুক্তি নবায়নের বিরুদ্ধে অবস্থান নেয়।

এ ছাড়া ২০২৫ সালের এপ্রিলে পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ভারতের এ পদক্ষেপও বাংলাদেশের মধ্যে পানি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সতর্কতা তৈরি করেছে।

সামনে কী হতে পারে

আরও পড়ুন: নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আপিল শুনানি সর্বোচ্চ আদালতে শুরু

বিশেষজ্ঞদের মতে, নতুন চুক্তি কেবল ১৯৯৬ সালের সমঝোতা নবায়নের বিষয় নয়; বরং দুই দেশের পরিবর্তিত বাস্তবতা, পানির প্রাপ্যতা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নিয়ে পানি ব্যবস্থাপনার নতুন কাঠামো তৈরির সুযোগও হতে পারে।

নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের প্রধান নির্বাহী শ্রীনিবাস চক্কাকুলা মনে করেন, নতুন চুক্তির জন্য দুই দেশকে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রতিষ্ঠানগুলো পর্যালোচনা করতে হবে। পানি বণ্টনের পাশাপাশি তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ, বিরোধ নিষ্পত্তি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার মতো বিষয়েও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। ১৯৯৬ সালের চুক্তি সম্ভব হয়েছিল যে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে, নতুন সমঝোতার জন্যও দুই দেশকে সেই রাজনৈতিক আস্থা পুনর্গঠন করতে হবে।

আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ ও ভারত নবায়নের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা এখন গুরুত্বপূর্ণ। কারণ গঙ্গার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের কৃষি, পরিবেশ, জীবিকা ও নদী ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকারের প্রতিশ্রুতি: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকারের প্রতিশ্রুতি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করার জন্য বদ্ধপরিকর, যা যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে করা হবে। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সনদ বিতরণের প্রতিষ্ঠান হওয়া উচিত নয়, বরং এটিকে উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা অবশ্যই দক্ষতাভিত্তিক ও কর্মমুখী হতে হবে। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে প্রচেষ্টা চলছে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলো যখন উৎকর্ষ কেন্দ্র হয়ে উঠবে, তখন বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে।

মন্ত্রী চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইসিটি, বিগ ডেটা ও রোবটিকসের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণার অপরিহার্যতা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, এমআইএসটি এই শিল্পবিপ্লবের পথে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


যুক্তরাষ্ট্রের সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ফলে দুই শিশুসহ ছয়জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজে র তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, সেসনা ২১০ মডেলের বিমানটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে পাস্কাগুলা উপকূলের নিকটে বিধ্বস্ত হয়। বিমানের যাত্রীদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু অন্তর্ভুক্ত ছিল।

বিমানটির ধ্বংসাবশেষ, জীবনরক্ষাকারী জ্যাকেট এবং ভেলা উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের সন্ধান এখনও মেলেনি। উপকূলরক্ষী বাহিনীসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো হর্ন দ্বীপের উত্তর-পূর্বে সাগরে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।

বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশ্যে যাত্রা করছিল। দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সতর্কতা: ইরান যুদ্ধে অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের সাবধান করলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


ট্রাম্পের সতর্কতা: ইরান যুদ্ধে অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের সাবধান করলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন, আগামী জানুয়ারি মাস পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য পর্যাপ্ত অর্থায়ন রয়েছে। তিনি একই সঙ্গে সতর্ক করেছেন যে, যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যায় এবং তারা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ বিজয়’ পরাজয়ে পরিণত হতে পারে।

নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যদি আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যায়, তাহলে ইরানে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে তার স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে যাবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে বিরোধী দল যুদ্ধের সমাপ্তি ঘটাতে উদ্যোগী হবে না।

ট্রাম্প বলেন, “তারা একটি পূর্ণ বিজয়কে পরাজয়ে পরিণত করবে। যদি তারা এমনটি করে, তাহলে দেখুন—ইরানের নৌবাহিনী শেষ, বিমানবাহিনী শেষ, আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে। দেশটির নেতারাও আর নেই। ডেমোক্র্যাটরা যদি এমনটি করে, তাহলে তারা একটি বিজয়কে পরাজয়ে পরিণত করবে।”

তিনি আরও যোগ করেন, “রাজনৈতিকভাবে তারা কীভাবে এমনটি করতে পারে, তা আমার বোধগম্য নয়। কারণ, আমরা বিজয় অর্জন করেছি। আমরা চাইলে যেকোনো সময় এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।”

ইরানে সামরিক হামলা চালানোর ক্ষেত্রে সময় ও অর্থায়নের সীমাবদ্ধতা তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তারা একটি বিজয়কে পরাজয়ে পরিণত করবে। কারণ, সেটাই ঘটবে। হ্যাঁ, তবে জানুয়ারির একেবারে শেষ পর্যন্ত আমাদের অর্থায়ন রয়েছে।”

এদিকে, ইসরাইলের ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থার অবসান ঘটানোর লক্ষ্য অর্জন সম্ভব কি না, সে প্রসঙ্গে ট্রাম্প কথা বলেছেন। তার মতে, ইসরাইলের এই লক্ষ্য অর্জন সম্ভবত বাস্তবায়নযোগ্য। যদিও তিনি স্পষ্ট করেছেন যে এটি তার নিজস্ব লক্ষ্য নয়।

ট্রাম্প বলেন, “আমি শুধু চাই না তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আমি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না। এটি কখনোই আমার বিবেচনার মানদণ্ড ছিল না।”

সূত্র: ডন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনের ধর্মীয় উৎসব শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনের ধর্মীয় উৎসব শুরু

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে এ উৎসবের কার্যক্রম শুরু হয়। মূল ধর্মীয় অনুষ্ঠান আগামী ২৯ নভেম্বর রোববার পর্যন্ত চলবে।

উৎসবের অংশ হিসেবে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করছেন। ভারত ও নেপালসহ অন্যান্য স্থান থেকে ভক্তদের সমাগম ঘটছে।

বুধবার সকালে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আনুষ্ঠানিকভাবে সঙ্ঘের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন। এর পর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

শোভাযাত্রা ও অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আশ্রম কমিটির নেতাদের মধ্যে নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, নির্বাহী সহসভাপতি শংকর দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত, সাংগঠনিক সম্পাদক ভক্ত স্বর্ণকার ও কেন্দ্রীয় কমিটির কর্মী প্রধান রতন লাল করসহ অন্যান্য কর্মকর্তাগণ, ভক্ত ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

উৎসব উপলক্ষে আশ্রম-সংলগ্ন মাঠে মাসব্যাপী গ্রামীণ মেলা বসেছে। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, কাঠ ও আসবাবের দোকান, নাগরদোলাসহ শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সমাগম ঘটছে।

আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (২৫ নভেম্বর) থেকে ১২ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) পর্যন্ত পাঁচ দিনব্যাপী মূল অনুষ্ঠান চলবে। উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।

উৎসবের সার্বিক পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, এসবি ও ডিবি পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সার্বক্ষণিক নজরদারির জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে এবং পুরো অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় এনে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%