০৪:০৫ পি.এম
মিয়ানমারের সেনাবাহিনী কি রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যা করেছে, সে বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) চলতি সপ্তাহে একটি ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে এ রায় ঘোষণা করা হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিচার আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেনি। এ কারণে, মিয়ানমারের বিরুদ্ধে এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। একই সঙ্গে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার বিচারেও এর প্রভাব পড়তে পারে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ফলে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে ২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে।
আরও পড়ুন: মিরপুরের গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ড, ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এসব অভিযান পরিচালিত হয়েছিল কি না। আইন বিশেষজ্ঞদের মতে, গণহত্যার অভিযোগ প্রমাণের জন্য অপরাধ সংঘটনের পাশাপাশি একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রমাণ করা জরুরি।
রোহিঙ্গা শরণার্থীদের প্রতিনিধিত্বকারী সংস্থা লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মুলভি বলেছেন, "সেনাবাহিনীর ধারাবাহিক হামলা, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার ধরন থেকেই রোহিঙ্গাদের ধ্বংসের পরিকল্পিত উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়।"
অন্যদিকে, মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের সামরিক অভিযান ছিল বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত অভিযান।
আদালতের রায়ে মিয়ানমার গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত হলে, দেশটির সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়তে পারে। পাশাপাশি, মিয়ানমারের কাছে অস্ত্র ও জ্বালানি সরবরাহ বন্ধে বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— শ্রমিক নেতাদের অভিযোগ
তবে অনেক পর্যবেক্ষকের মতে, আইসিজের এই রায়ের গুরুত্ব মিয়ানমারের সীমানা ছাড়িয়ে আরো বিস্তৃত। কারণ, গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় বিচারকেরা কী ধরনের অবস্থান নিতে পারেন, সে বিষয়ে এই রায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে।
দুটি মামলার মধ্যে বেশ কিছু মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই একটি শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি জাতিগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরাইল অনেক বেশি কূটনৈতিক সমর্থন পেয়ে থাকে।
এমন এক সময়ে এই রায় আসছে, যখন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে অবস্থান জোরদার করেছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইতোমধ্যে রোহিঙ্গা সংকটকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সতর্ক করে বলেছেন, "আইসিজেকে এমন কোনো মানদণ্ড প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না, যা ‘মিত্রদেশের সেনাদের’ বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।" ইসরাইলি সেনাদের ক্ষেত্রেও এই বক্তব্য প্রাসঙ্গিক হতে পারে।
আরও পড়ুন: গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিল আনসার বাহিনী
বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। অন্যদিকে, মিয়ানমারে ছয় লাখেরও কম রোহিঙ্গা বসবাস করছেন বলে ধারণা করা হয়।
রোহিঙ্গা জনগণের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের এই রায় তাদের দীর্ঘদিনের নিপীড়ন ও বৈষম্যের অবসানে ভূমিকা রাখবে। তাদের দাবি, শুধু সহানুভূতি নয়, প্রয়োজন ন্যায়বিচার, নাগরিক স্বীকৃতি, সমান অধিকার এবং নিজ দেশে নিরাপদে বসবাসের নিশ্চয়তা।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরিএ
আরও পড়ুন: গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানালেন চরমোনাই পীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন