০২:৫১ পি.এম
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা এবং রিং জাল চুরির কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ফলে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে সংঘর্ষটি ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, হাওরে মাছ ধরা এবং রিং জাল চুরির কারণে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া এবং সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল।
এই বিরোধের মীমাংসার জন্য শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইমামনগর গ্রামে সালিসের আয়োজন করেন। তবে সালিসের আলোচনা শুরু হওয়ার আগেই গ্রামের সামনের একটি মাঠে দুই পক্ষের লোকজন দা, বল্লম ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, "দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য আমি ইমামনগর গ্রামে সালিসে গিয়েছিলাম। গণ্যমান্য ব্যক্তিদের বসিয়ে রেখেই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ থামানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন