হামিদুল ইসলাম, দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৭ পি.এম
একের পর এক অচল হচ্ছে নলকূপ, বিশুদ্ধ পানির সংকটে মানুষ,যে পানি মানুষের জীবন বাঁচায়। অথচ সেই পানির জন্যই যখন হাহাকার, একের পর এক নলকূপ অচল হয়ে পড়ছে, তখন সরকারি বরাদ্দে স্থাপিত একটি গভীর নলকূপ ঘরের ভেতরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নতুন জগদল গ্রামের ৫ নং ওয়ার্ডের। নলকূপটি সরকারি, নাকি ব্যক্তিগত এ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের পানির সুবিধার জন্য স্থাপন করা নলকূপটি প্রথমে বাড়ির উঠানে থাকলেও পরে ভেঙে ঘরের ভেতরে নেওয়া হয়েছে। তবে আবু তালিবের দাবি, এটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি।
স্থানীয় বাসিন্দা ছায়ারুন বেগম জানান, নলকূপ আনার সময় তাঁর জাতীয় পরিচয়পত্র এবং ছেলের স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নেওয়া হয়েছিল। তাঁর স্বামী মৃত আব্দুল মতিন। নলকূপটি সরকারি উদ্যোগে আনা হয়েছে বলেই তাঁরা জানতেন।
একই এলাকার বাসিন্দা ছুরত আলী বলেন, কয়েক মাস আগে নলকূপটি বাড়ির উঠানে স্থাপন করা হয়েছিল। পরে তাঁর বড় ভাই সেটি ভেঙে ঘরের ভেতরে নিয়ে যান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ইতিহাসে একটি নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে চ্যাটবট ক্লডের নির্মাতা অ্যানথ্রপিক। যুক্তরাষ্ট্রভিত্তিক এআই কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৮১ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এর ফলে অ্যানথ্রপিক শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম ফ্রন্টিয়ার এআই কোম্পানি হয়ে উঠতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নাসডাকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। আইপিওতে প্রতিটি শেয়ারের দাম ৮৩ ডলার নির্ধারণ করা হয়েছে। শেয়ারপ্রতি ৭০ থেকে ৭৮ ডলার দাম নির্ধারণের পরিকল্পনা থাকলেও বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে শেষ পর্যন্ত দাম বাড়ানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইপিওর মাধ্যমে ৮১ বিলিয়ন ডলার সংগ্রহের পাশাপাশি অ্যানথ্রপিক বেসরকারি বিনিয়োগ থেকে আরও ২৬ বিলিয়ন ডলার পেয়েছে। ফলে কোম্পানিটির মোট সংগ্রহ করা অর্থের পরিমাণ ১০৭ বিলিয়ন ডলারের বেশি দাঁড়িয়েছে। এনভিডিয়া, মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, এএমডি, ব্রডকম, মাইক্রন ও টিএসএমসি বেসরকারি বিনিয়োগে অংশ নিয়েছে।
আইপিও ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন শেয়ারটির অনানুষ্ঠানিক লেনদেনেও দেখা গেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান আইজি মার্কেটস ও সিএমসি মার্কেটস জানিয়েছে, ওভার-দ্য-কাউন্টার গ্রে মার্কেটে অ্যানথ্রপিকের শেয়ারের দাম প্রায় ২৬ শতাংশ বেড়েছে।
অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেককে এআই শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ, প্রযুক্তিটি অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে—এমন প্রত্যাশার পাশাপাশি এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ, ঋণের বোঝা এবং বাজারে কৃত্রিম উত্থানের আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।
বিশেষ করে এআই অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ ব্যয়ের বিপরীতে ভবিষ্যতে কতটা মুনাফা পাওয়া যাবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। একই খাতের বিভিন্ন কোম্পানি, চিপ নির্মাতা ও ক্লাউড সেবাদাতাদের মধ্যে জটিল বিনিয়োগ চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকেরা এসব চুক্তির মাধ্যমে একই শিল্পের অর্থ এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ঘুরে ফিরে প্রবৃদ্ধি বাড়াচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন।
তবে এসব উদ্বেগের মধ্যেও অ্যানথ্রপিক দ্রুত ব্যবসা সম্প্রসারণ করছে। অ্যামাজন ও গুগলের মতো অংশীদারদের সঙ্গে কোম্পানিটির প্রায় ৯০০ বিলিয়ন ডলারের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের প্রতিশ্রুতি রয়েছে। এসব চুক্তি ভবিষ্যতে এআই মডেল পরিচালনা ও উন্নয়নের জন্য বিপুল কম্পিউটিং সক্ষমতা নিশ্চিত করতেই করা হয়েছে।
শেয়ারবাজারে অ্যানথ্রপিকের অভিষেককে এআই খাতের অন্যান্য কোম্পানির জন্যও একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ওপেনএআই ২০২৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে বলে খবর রয়েছে। ফলে অ্যানথ্রপিকের শেয়ারের দর ও বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া এআই কোম্পানিগুলোর ভবিষ্যৎ বাজারমূল্য নির্ধারণে প্রভাব ফেলতে পারে।
তবে প্রবৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা ও মানবজাতির জন্য এআইয়ের সম্ভাব্য ঝুঁকিও সামলাতে হবে কোম্পানিটিকে। উন্নত এআই মডেল সাইবার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং অসাধু ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অবকাঠামোতে হামলার কাজে এসব প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে উদ্বেগ রয়েছে।
অ্যানথ্রপিক তাদের আইপিও প্রসপেক্টাসে সতর্ক করে বলেছে, এআই অপ্রত্যাশিত আচরণ করতে পারে এবং এর উন্নয়ন নিয়ন্ত্রণব্যবস্থার চেয়ে দ্রুত এগিয়ে যেতে পারে। এর ফলে মানবজাতির জন্য বিপর্যয়কর এমনকি অস্তিত্বসংকটের ঝুঁকিও তৈরি হতে পারে।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, অ্যানথ্রপিকের এই আইপিও শুধুমাত্র একটি কোম্পানির শেয়ারবাজারে প্রবেশ নয়; বরং এআই প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা, বিনিয়োগের যৌক্তিকতা এবং ঝুঁকি নিয়ে ওয়াল স্ট্রিটের আস্থারও একটি বড় পরীক্ষা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক এবং জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্ট পক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
একটি প্রতিবাদলিপিতে এ ঘটনার জন্য গভীর ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর রাতে মুসাদ্দেকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। পরদিন সকালেও সেখানে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই রাতে তাঁর ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিবাদলিপিতে এসব হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের দায়ী করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ফ্যাসিবাদী আমলের সংসদ সদস্য এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ফারুক খানের নির্দেশনায় এ হামলা সংঘটিত হয়েছে।
প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, মুসাদ্দেকের বাড়িতে হামলার ঘটনা নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হচ্ছে জুলাইয়ের চেতনা ধারণকারী মানুষের কণ্ঠরোধ করার এবং প্রতিশোধের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার একটি ঘৃণ্য অপচেষ্টা। যারা মনে করছেন, বাড়িঘরে আগুন দিয়ে, ভাঙচুর ও লুটপাট চালিয়ে জুলাইয়ের সংগঠকদের দমিয়ে রাখা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন।
এতে বলা হয়েছে, জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি দেশের মানুষের আত্মত্যাগ, সাহস ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। সেই বিপ্লবের সংগঠকদের ওপর হামলা মানে হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষার ওপর হামলা। ভয়ভীতি, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে নতুন বাংলাদেশে পুরোনো ফ্যাসিবাদী আচরণ ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।
প্রতিবাদলিপিতে নির্বাচিত সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলা হয়েছে, মুসাদ্দেক এবং তাঁর পরিবারের সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলার পেছনে থাকা পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদেরও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, মুসাদ্দেকের পরিবারের নিরাপত্তা, ন্যায়বিচার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে।
প্রতিবাদলিপিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সরকার অবিলম্বে এই জঙ্গি গোষ্ঠীকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে ব্যর্থ হলে, দেশ রক্ষায় জুলাইয়ের ছাত্র-জনতা যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে। এর পরবর্তী দায়ভার সরকারকেই গ্রহণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২০ থেকে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তিনি আগামীকাল শুক্রবার ঢাকা ত্যাগ করবেন এই সফরের উদ্দেশ্যে।
এই সফরের সময় জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করবেন।
বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে জামায়াতের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম থাকবেন।
ঢাকা ত্যাগের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এহসানুল মাহবুব জুবায়ের; নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিরোধীদলীয় নেতা আগামী ২৬ নভেম্বর দেশে ফিরবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথে সামুদ্রিক মাইন বিস্ফোরণের ফলে ইরান দাবি করেছে যে, মোট পাঁচটি তেল ট্যাংকারে আগুন লেগেছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানায়, প্রণালির দক্ষিণাংশে মার্কিন যুদ্ধবিমানের পাহারায় চলাচলরত দুটি সুপারট্যাংকার মাইন বিস্ফোরণে জ্বলছে। অন্যদিকে, ইরানের নিয়মিত সেনাবাহিনী জানায়, প্রণালির পূর্বাংশে আরও তিনটি তেল ট্যাংকার মাইন বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে আগুনের মুখে পড়েছে।
আইআরজিসির নৌবাহিনীর দাবি অনুযায়ী, জ্বলতে থাকা সুপারট্যাংকার দুটি ইরানের নির্ধারিত রুট অমান্য করে ‘অননুমোদিত পথে’ প্রবেশ করেছিল। ইরানি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে, ওই জাহাজ দুটিতে ৪০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। মার্কিন যুদ্ধবিমান ও নজরদারি ড্রোনের সহায়তায় জাহাজগুলো গোপনে ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে আইআরজিসি দাবি করেছে।
অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী জানিয়েছে যে, হরমুজ প্রণালির পূর্বাংশের নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায় প্রবেশ করা তিনটি তেল ট্যাংকার মাইন বিস্ফোরণের শিকার হয়ে অচল হয়ে পড়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজগুলো পূর্ব সতর্কতা উপেক্ষা করে এবং নিজস্ব ট্র্যাকিং ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে ওই এলাকায় ঢুকেছিল। নিষিদ্ধ জলসীমায় অনুমোদন ছাড়া চলাচল করলে যেকোনো জাহাজের ক্ষেত্রেই একই পরিণতি ঘটতে পারে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে।
বৈশ্বিক জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম প্রধান এই নৌপথ ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে ট্যাংকারে আগুন লাগার এই দাবি সামনে এল। তবে ইরানের এই দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো যাচাই পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ