০৮:৪৭ এম
প্রবাসে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্রীড়াচর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (NDCAAA) উদ্যোগে NDCAAA ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ গত ২৮ জুন রবিবার সিডনির ক্যাম্পবেলটাউনে অবস্থিত A1 Badminton Centre-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ এই দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এবং তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পাশাপাশি পুরো আয়োজনটি প্রবাসী অ্যালামনাইদের এক প্রাণবন্ত পুনর্মিলনীতে পরিণত হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মজুমদার (পুলক)। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং অ্যালামনাইদের মধ্যে দৃঢ় বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি টুর্নামেন্টকে সফল করতে উপস্থিত অংশগ্রহণকারী, অতিথি ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন: শিল্পী সমাজের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি
দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের অসাধারণ নৈপুণ্য, ক্রীড়াসুলভ মনোভাব এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দর্শকবৃন্দকে মুগ্ধ করেন।
টুর্নামেন্টের ফলাফল অনুযায়ী কাপ বিভাগে চ্যাম্পিয়ন হন রেদোয়ান আহমেদ ও ফারুক হোসেন। রানার-আপ হন আশিক আহমেদ ও জহিরুল হক। প্লেট বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন সালাউদ্দিন শাহরিয়ার এবং মুহাম্মাদ ফারুকুজ্জামান। রানার-আপ হয়েছেন রিয়াদ জামান ও মোহাম্মদ নাসের। টুর্নামেন্ট শেষে বিজয়ী এবং রানার-আপদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিডনি প্রতিদিন-এর সম্পাদক নাইম আবদুল্লাহকে সংগঠনের সভাপতি সায়মন হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মজুমদার (পুলক) সম্মাননা মেডেল পরিয়ে দেন।
সমাপনী বক্তব্যে NDCAAA-এর সভাপতি সায়মন হোসেন সকল খেলোয়াড়, তাঁদের পরিবার, উপস্থিত অ্যালামনাই সদস্য, স্বেচ্ছাসেবক, স্পন্সর ও আয়োজক কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রবাসে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি এবং ঐক্যকে আরও সুদৃঢ় করবে।
আরও পড়ুন: ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহসিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন