১১:৪৮ এম
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ইয়েমেনি সেনাবাহিনীর পরিচালিত ড্রোন হামলায় অন্তত তিন হুথি নিহত হয়েছেন। এই ঘটনায়, মাঠপর্যায়ের কয়েকজন কমান্ডারসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
শনিবার (১৫ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবা টিভির বরাতে সামরিক বাহিনী জানায়, পশ্চিম তাইজের মাকবানাহ ফ্রন্টে হুথিদের অবস্থান, সমাবেশ ও যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
সামরিক সূত্রের দাবি অনুযায়ী, হামলায় তিন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। এ হামলায় আহতদের মধ্যে কয়েকজন মাঠপর্যায়ের কমান্ডারও আছেন। তবে এই হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: কেশম দ্বীপে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
ইয়েমেনে চলমান যুদ্ধের মধ্যে ১২ বছর ধরে সংঘাত চললেও, ২০২২ সালের এপ্রিল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। হুথিরা ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে রাজধানী সানা এবং দেশের বেশ কয়েকটি শহর ও প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মারিব, আল-জাওফ, আল-দালিয়া ও তাইজসহ কয়েকটি প্রদেশে সংঘর্ষের পরিমাণ আবারও বেড়েছে। পাশাপাশি, ইয়েমেন বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে সৌদি নেতৃত্বাধীন একটি জোট সমর্থন করছে। অন্যদিকে, ইরান হুথিদের সমর্থন দিচ্ছে এমন অভিযোগও রয়েছে। গত জুলাই মাসে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধের ঘোষণা দিয়েছিল। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।
আরও পড়ুন: ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকের আগে সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন