০১:৪০ পি.এম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজীদের ১৫০টি লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির দাবি সত্য নয়। এই বিষয়ে তদন্তের সময় এ ধরনের কোন ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই দাবি করেন। তিনি উল্লেখ করেন, ওই ফ্লাইটে ক্ষতিগ্রস্ত ২১টি লাগেজ পাওয়া গেছে। যেগুলো সৌদি আরবে চেকিংয়ের সময় সম্ভবত ক্ষতিগ্রস্ত হতে পারে। সৌদি সরকারকে এ বিষয়ে জানতে চিঠি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ৩টায় সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি হজ ফ্লাইটে প্রায় দেড়শ’ যাত্রীর লাগেজ কাটা এবং যাত্রীদের মূল্যবান জিনিসপত্র চুরি সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
এই ঘটনা তদন্তে সরকার পরে নামে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ ও গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের বডি-ক্যামেরার ভিডিওগুলি পর্যালোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরতে গিয়ে বিমান প্রতিমন্ত্রী জানান, সৌদি ফেরত ওই হজ্জ ফ্লাইটে মোট ৮৩৬ টি লাগেজ ছিলো। এর মধ্যে ২১ টি লাগেজ ক্ষতিগ্রস্ত পাওয়া যায় এবং ৩-৪ টি লাগেজ কাটা ছিলো। সরকারি তদন্তে শাহজালাল বিমানবন্দরে লাগেজ কাটার কোন প্রমাণ মেলেনি।
রশিদুজ্জামান মিল্লাত আবারও বলেন, লাগেজগুলো সৌদি আরবে চেকিংয়ের সময় কাটা হয়ে থাকতে পারে। সৌদি সরকারকে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে বলেও তিনি জানান।
এসময় প্রতিমন্ত্রী ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করার পরিকল্পনাও ঘোষণা করেন। এই লক্ষ্যে জুলাইয়ের মধ্যে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চুক্তি সম্পন্ন হবে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
বর্তমানে বিমানের জন্য ৪৬টি উড়োজাহাজ প্রয়োজন রয়েছে। তার বিপরীতে ২.১৭ বিলিয়ন ডলার ব্যয়ে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনা হচ্ছে। যার প্রথমটি ২০৩১ সালে বিমানের বহরে যুক্ত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন