০৯:০১ পি.এম
জেলার সদর উপজেলায় আজ সিএনজি চালিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল্লাহ আল মাসুম (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায়।
নিহত আবদুল্লাহ আল মাসুম জেলা হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির মাওলানা কাওসারের ছেলে ছিল। নিহত মাসুম সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতো।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবদুল্লাহ আল মাসুম তার বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেয়। পথে সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ মোট ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক কাভার্ডভ্যান গাড়িটি আটক করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন