১০:৪৩ এম
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুতি বিদ্রোহীদের দ্বারা পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা ৭৩ জনে পৌঁছেছে।
স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার হামলার পর হতাহতের নতুন তথ্য প্রকাশ করেছে। বর্তমানে ১৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ ও ভারতের হাইকমিশনারের আলোচনা
ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘকালীন যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সংঘাতের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।
প্রাদেশিক কর্তৃপক্ষের একটি বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার জ্বালানি সম্পদসমৃদ্ধ শাবওয়া প্রদেশের একটি সামরিক শিবিরে হামলার ফলে নিহতের সংখ্যা ৭৩ জনে পৌঁছেছে। নিখোঁজদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, হামলায় ৫৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০০ জনের বেশি। নিহত ও আহতদের মধ্যে সবাই অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর নবীন সদস্য, যারা হামলার সময় প্রশিক্ষণ নিচ্ছিলেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে জানিয়েছেন, হুতিরা শাবওয়া প্রদেশের দিকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণকেন্দ্রে আঘাত হানে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
পরে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দায় স্বীকার করে দাবি করেন, সৌদি আরবের এক কর্মকর্তার নেতৃত্বাধীন আল-আলাম শিবিরে অবস্থানরত সৌদি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এ হামলা করা হয়েছে।
শাবওয়া প্রদেশে ইয়েমেনের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসক্ষেত্র অবস্থিত। দেশের সবচেয়ে বড় জ্বালানি স্থাপনা এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ বালহাফ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালও এ প্রদেশে রয়েছে।
প্রদেশটির এক সরকারি সামরিক সূত্র সোমবার জানিয়েছে, হামলার পর সেনাবাহিনী আশঙ্কা করছে যে, হুতিরা নতুন করে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করতে পারে।
গত মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর উপকূলের বন্দরনগরী মোখা দখলের মতো পরিস্থিতি পুনরাবৃত্তির আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস
সৌদি বিমান হামলায় আট জেলে নিহতের দাবি হুতিদের :
এদিকে, ইয়েমেনের তাইজ প্রদেশের উপকূলে সৌদি আরবের বিমান হামলায় আট জেলে নিহত হওয়ার দাবি করেছে হুতিরা।
হুতি-সমর্থিত সংবাদমাধ্যম সাবা জানায়, ধুবাব জেলার আল-কাধা উপকূলে মাছ ধরার দু’টি নৌকায় সৌদি বিমান হামলায় ওই আট জেলে নিহত হন।
এলাকাটি ইয়েমেনের পশ্চিম উপকূলে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিকটে অবস্থিত।
আরও পড়ুন: রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের: আইসিজে
হুতিরা গত মাসে এই প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন