০৭:৪৫ পি.এম
সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : মাঠপর্যায়ে সারের প্রাপ্যতা ও বিতরণ সুনিশ্চিত করতে সরকার বিশেষ টাস্কফোর্স এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সারের সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয়ের কার্যক্রমের সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ে একটি সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এম রফিকুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এ তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরে সার ভর্তুকির জন্য সরকার ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। মাঠপর্যায়ে সারের সরবরাহ ও বিতরণে সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
আরও পড়ুন: বিএনপিকে মামলা তুলে নিতে হুমকি, আ. লীগ নেতার ফেসবুক পোস্ট
তিনি উল্লেখ করেন, দেশের ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করার জন্য মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সার পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের দুইজন যুগ্মসচিব ও দুইজন উপসচিবের সমন্বয়ে একটি চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিয়মিতভাবে সার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের জন্য সরকার ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় কৃষকদের ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কুষ্টিয়া-২ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য এম আব্দুল গফুরের আরেকটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা, ২০২৬’ অনুযায়ী সার ডিলার নিয়োগ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই নীতিমালার আওতায় বিদ্যমান ডিলারদের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে একজন করে নতুন সার ডিলার নিয়োগের কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, সারের প্রকৃত চাহিদা নিরূপণ, পর্যাপ্ত মজুত নিশ্চিত করা, আমদানি, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ, মাঠপর্যায়ে বিতরণ এবং সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত তদারকির মাধ্যমে সার পরিস্থিতি স্থিতিশীল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন
নীলফামারী-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য এম আব্দুস সাত্তারের অপর এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, ‘সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা, ২০২৬’ অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তদন্তে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলারদের কার্যক্রম প্রথম তিন মাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এই সময়ে কোনো ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেলে তাঁর ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন কঠোর করার ঘোষণা খাদ্যমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন