ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাইকোর্টের নির্দেশে ফেসবুক-ইউটিউব ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন করবে বিশেষজ্ঞ কমিটি


হাইকোর্টের নির্দেশে ফেসবুক-ইউটিউব ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন করবে বিশেষজ্ঞ কমিটি

হাইকোর্ট শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়নের উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা ১৬ বছরের নিচে শিশু-কিশোরদের জন্য প্রযোজ্য।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর। হাইকোর্ট অবিলম্বে সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যানকে এই নির্দেশ পালন করতে হবে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধার স্ত্রীর অভিযোগ: স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা

জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর। আদালত একই সাথে এ বিষয়ে রুল জারি করেছে।

আদালত জানতে চেয়েছে, ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে একটি নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং এই নীতিমালা প্রণয়নে এবং শিশুদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিরূপণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না।

বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, "কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এতে নানাভাবে তারা প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকিত্ব, হতাশা ইত্যাদি অনুষঙ্গ দেখা যাচ্ছে। এতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।"

আরও পড়ুন: আমু-শাজাহানসহ ৬ জন কারাগারে, মির্জা আজমকে হাজির করার নির্দেশ

আইসিডিডিআরবি এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিট আবেদনে বলা হয়েছে, ঢাকার ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময় সীমা ছাড়িয়ে যাচ্ছে এই ব্যবহার। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। অন্যদিকে, ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্যভাবে কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এই বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। অতিরিক্ত সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে ইয়ামিন হত্যা মামলায় ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১৪ বছরেও স্মৃতির খেরোখাতা পড়ছেন আক্তার উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


১১৪ বছরেও স্মৃতির খেরোখাতা পড়ছেন আক্তার উদ্দিন

বয়স ১১৪ বছর। কানে কম শোনেন এবং দৃষ্টিশক্তিও দুর্বল। তবুও হাঁটাচলায় ক্লান্তি নেই। স্মৃতির জানালায় তাকালে খানিকটা ঝাঁপসা দেখায়। তবে কুড়িগ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আক্তার উদ্দিনের স্মৃতির ভান্ডারে রয়েছে কিছু জ্বলজ্বলে স্মৃতি।

আলাপচারিতায় উঠে আসে এই প্রবীণের জীবনে দেখা অতীত ঐতিহ্য এবং জীবন সংগ্রামের চালচিত্র।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে আক্তার উদ্দিনের জন্ম ১৯১২ সালে। তার আদি নিবাস সদর উপজেলার চর কাগজিপাড়ায়। ৩০ বছর আগে ধরলা নদীর ভাঙনে ভিটে হারান। এরপর স্ত্রী ও আট সন্তানকে নিয়ে ঘর বাঁধেন চরটিতে। সেই থেকে সেখানেই বসবাস করছেন তিনি।

বুধবার তার বাড়িতে আলাপ হয় আক্তার উদ্দিনের সঙ্গে। সে আলাপে উঠে আসে চাষাবাদ, সংস্কৃতি, চিকিৎসা, যাতায়াতসহ নানা বিষয়ের সেকাল-একাল।

আক্তার উদ্দিন জানান, বৃটিশ ও পাকিস্তান আমলে মানুষের অভাব-অনটন ছিল প্রকট। এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। লেখাপড়া শেখা হয়নি। পায়ে হেঁটেই হাট-বাজার, আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত করতে হতো। সামর্থ্যবানদের ঘরে সাইকেল ও গরুর গাড়ি ছিল। মাঠে ফসল ফলতো মাত্র দুটি- হেমতি (আমন) আর বিতরি (আউশ)।

কার্তিক-অগ্রহায়ণ মাসে হানা দিতো মঙ্গা। সেই সময় পাড়ি দেওয়া ছিল কঠিন। অভাবের তাড়নায় জমি বিক্রি করে জীবন ধারণ করতে হতো। এক সময় তিনি একটি জমি বিক্রি করে দুটি গরু কেনেন; তাতে জুড়ে দেন গাড়ি। সেই গরুর গাড়িই তার সংসারকে টেনে নিয়ে যায়। আট সন্তানের বড় সংসারে সেটাই হয়ে ওঠে বেঁচে থাকার অবলম্বন।

ভয়ংকার রোগ-ব্যাধির কথাও মনে করতে পারেন আক্তার উদ্দিন। তার ভাষ্য, এক সময় গ্রামে কলেরা আর বসন্ত মহামারি আকার ধারণ করেছিল। ডাক্তার ছিল না। কবিরাজ-ফকিরের হাতেই সঁপে দিতে হতো জীবন। গাছান ওষুধ দিত, জিন-ভূত তাড়াতো মন্ত্র দিয়ে।

তিনি জানান, গ্রামে কয়েক বছরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয় কলেরা আর বসন্তে। সকাল-বিকাল-সন্ধ্যায় আসতো শুধু মৃত্যুর খবর। ওই সময় কলেরা তাড়াতে রাতভর ফকিরের হাঁকডাক এখনও কানে বাজে।

বিয়ের প্রসঙ্গ উঠতেই আক্তার উদ্দিনের মুখ উজ্বল হয়ে ওঠে। ক্লান্তিহীন দুই চোখে ভেসে ওঠে মধুর স্মৃতি। জানান, তার বিয়ের সময় কনেকে নিয়ে আসা হয়েছিল পালকিতে। পশ্চিমা বিহারিদের পালকির পেছনে মৃদু লয়ে হেঁটেছেন। পেছনে গরুর গাড়িতে ঠাসা ছিল আত্মীয়-স্বজন। সেই বিয়েতে কিছু পণও দেওয়া হয়েছিল পাত্রীকে।

মাছ ধরার স্মৃতিচারণা করে জানান, আগে পলো, খেওয়াইল, ঝাইট, ঝিটকি, ফাঁসি, ঝোকা, ঝাকিসহ নানা জাল ছিল। বর্ষার সময় বরশি দিয়ে বোয়াল মাছ ধরা হতো। ধরলা নদীতে ছিল না মাছের অভাব। মাছে ভরপুর ছিল খাল-বিল।

নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া থেকে মহিষের গাড়িতে আনা ব্রহ্মপুত্রের একটা বড় (বাইগর) বাঘাইড় মাছের কথা মনে আছে তার। বড়বাড়ি হাটে নিয়ে বেচা হয়েছিল সেই মাছ। আর হাটে ইলিশ মাছ বিক্রি না হলে তা পুঁতে রাখা হতো বলে আজব ঘটনার কথা জানান তিনি।

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, আগে গ্রামে খেলাধুলা হতো নিয়মিত। তার ভাষায়, ‘আগোত মেলা খেলাধুলা হইতো, আমোদ-স্ফূর্তি হতো, এলা (এখন) সগাই (সবাই) টাকার পেছনে ছোটে।’

আক্তার উদ্দিন জানান, শীতকালে পালাগান, যাত্রাগান, কুশান গান, কেচ্ছা ও দোতরা গান হতো বাড়ির উঠানে উঠানে। সাত থেকে ১০ দিন পর্যন্ত টানা গান চলতো। তার এলাকায় দোতরা গানের বিখ্যাত গায়ক ছিলেন উজির গিদাল। হজব্রত পালনের পর তার নাম হয় উজির হাজি। গিদালের গান শোনার জন্য এ গ্রাম, ও গ্রামে ছুটে যেতেন তিনি।

আক্তার উদ্দিনের ছেলে আবদার আলী জানান, তার বাবা এই এলাকার সবচেয়ে বয়স্ক লোক হলেও এখনো অনেকটাই সুস্থ। শরীরে ব্যথা-বেদনার কিছু ওষুধ ছাড়া কোনো ওষুধ খান না। গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হাঁটেন; মসজিদে যান। মাঝে মাঝে বাজারেও যান। পুরনো দিনের অনেক কথা এখনো তার মনে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালাইয়ে নাশকতার অভিযোগে আ.লীগ নেতা নাহিদ চৌধুরী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


কালাইয়ে নাশকতার অভিযোগে আ.লীগ নেতা নাহিদ চৌধুরী গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে নাহিদ চৌধুরী (৪২) নামের এক আ.লীগ নেতাকে। তিনি নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং কালাই পৌর আওয়ামী লীগের সদস্য ছিলেন।

গতকাল শনিবার সন্ধ্যায় কালাই পৌরসভার পাঁচশিরা বাজারের একটি চায়ের স্টল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রোববার বেলা ১১টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া নাহিদ চৌধুরী কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর পুত্র। তিনি স্থানীয় আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বিস্ফোরক দ্রব্য ও নাশকতা সংক্রান্ত মামলায় তদন্তের সময় তার নাম উঠে আসে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালাই থানার ওসি সাইদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নাহিদ চৌধুরীকে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা আসছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা আসছে যুক্তরাষ্ট্রে

জরায়ুমুখের ক্যানসার শনাক্ত করার ক্ষেত্রে প্রচলিত প্যাপ পরীক্ষার পরিবর্তে এইচপিভি পরীক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী স্বাস্থ্য প্যানেল। নতুন নির্দেশনা চূড়ান্ত হলে ৩০ থেকে ৬৫ বছর বয়সী নারীরা চিকিৎসকের মাধ্যমে অথবা নিজেই নমুনা সংগ্রহ করে এই পরীক্ষা করাতে পারবেন।

শনিবার (২১ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) দুই দিনের বৈঠক শেষে প্যানেলের সদস্যরা এ বিষয়ে সুপারিশের পক্ষে ভোট দেন। তবে নির্দেশনাটি এখনও চূড়ান্ত অনুমোদন ও প্রকাশের অপেক্ষায় রয়েছে।

এখন পর্যন্ত ৩০ থেকে ৬৫ বছর বয়সী নারীদের প্রতি তিন বছর পর প্যাপ পরীক্ষা অথবা প্রতি পাঁচ বছর পর এইচপিভি পরীক্ষা করার সুযোগ ছিল। নতুন সুপারিশে এইচপিভি পরীক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ২১ থেকে ২৯ বছর বয়সীদের জন্য প্রতি তিন বছর পর প্যাপ পরীক্ষা চালু রাখার সুপারিশ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জরায়ুমুখের প্রায় সব ক্যানসারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। এই পরীক্ষা ক্যানসারের আগেই ঝুঁকিপূর্ণ ভাইরাস শনাক্ত করতে সক্ষম। নারীদের জন্য নিজে নমুনা সংগ্রহের সুযোগ থাকায় পরীক্ষা করানোও সহজ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষণে মৃতপ্রায় সুতাং নদী, কৃষকের পানির সংকট ও জনস্বাস্থ্যে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


দূষণে মৃতপ্রায় সুতাং নদী, কৃষকের পানির সংকট ও জনস্বাস্থ্যে হুমকি

একসময়ের প্রবহমান স্রোতস্বিনী, মৎস্যভাণ্ডার এবং কৃষকের জীবনদাত্রী নদীটি আজ শিল্পবর্জ্যের কালো থাবায় বিলীন হয়ে গেছে। শৈলজুড়া খাল থেকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত প্রবাহ নদীটিকে মৃতপ্রায় অবস্থায় নিয়ে এসেছে।

বর্তমানে নদীর পানি কুচকুচে কালো এবং চিটচিটে হয়ে গেছে। নাব্যতা এবং তীব্র দুর্গন্ধের কারণে বুক চিরে চলা নৌকাগুলো এখন স্তব্ধ হয়ে পড়েছে।

জেলেরা তাদের জীবিকার অবলম্বন হারিয়েছে। কৃষিপ্রধান অঞ্চলের কৃষকরা এখন এই পানি দিয়ে ফসলের খেতে সেচ দিতে পারছেন না, যা উৎপাদনে ব্যাঘাত ঘটাচ্ছে।

লাখাই অংশে সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি দেখা যায়। সনাতন ধর্মের পুণ্যার্থীদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান হলেও, বর্তমান দূষিত অবস্থায় সেখানে স্নান করা একটি দুঃসহ এবং ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠেছে।

শিল্পবর্জ্য নিয়ন্ত্রণের তোয়াক্কা না করে অবাধে বিষ ফেলার প্রবণতা সুতাং নদীকে দেশের সর্বোচ্চ বিষাক্ত নদীর মর্যাদায় পৌঁছে দিয়েছে। বাংলাদেশের দূষিত নদীর তালিকায় শীর্ষে থাকা হবিগঞ্জের সুতাং নদী এখন এক জীবন্ত মরণফাঁদে পরিণত হয়েছে।

অলিপুর শিল্পাঞ্চলের বিষাক্ত বর্জ্য এবং শৈলজুড়া খালের দূষণে নদীটির পানি চিটচিটে কালো বিষে রূপ নিয়েছে। নাব্যতা সংকট এবং তীব্র দুর্গন্ধের কারণে বুক চিরে চলা নৌকাগুলো আজ স্তব্ধ; জলজ প্রাণীকুল প্রায় বিলুপ্ত হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%