০৯:০৭ পি.এম
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বোর্ডের বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের চারটি প্রধান টুর্নামেন্টের আয়োজনের সম্ভাব্য সময়সূচি অনুমোদন করেছে। এই তালিকায় রয়েছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টুর্নামেন্টগুলোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত মন্তব্য করেন, "আইসিসির টুর্নামেন্ট আয়োজন ও সূচি বিশ্ব ক্রিকেটের কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। এসব আয়োজন ক্রিকেটের প্রতিযোগিতামূলক পরিবেশ, গুরুত্ব ও বৈশ্বিক বিস্তারে নতুন মাত্রা যোগ করে। টুর্নামেন্টগুলো খেলোয়াড় ও সমর্থকদের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করে। একই সঙ্গে এসব প্রতিযোগিতার মাধ্যমে ক্রিকেটের বৃহত্তর পরিসরে নতুন খেলোয়াড়দের সুযোগ ও অনুপ্রেরণা তৈরি হয়।"
আরও পড়ুন: এক ঢিলে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন ইকুয়েডরের ফুটবলার জন পারলাজা
তিনি আরও বলেন, "খেলোয়াড় ও সদস্য দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি সূচি নিশ্চিত করার গুরুত্বও আমরা বুঝি। এর ফলে খেলোয়াড় তৈরির উন্নত পরিকল্পনা, উচ্চমানের পারফরম্যান্সভিত্তিক কর্মসূচি এবং সুসংগঠিত ক্রিকেট ক্যালেন্ডার গড়ে তোলা সম্ভব হবে।"
সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৮ সালের ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১তম আসর। এরপর ২০৩০ সালের আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের যৌথ আয়োজনে।
পরবর্তী দুটি আসর যথাক্রমে ২০৩২ ও ২০৩৪ সালে অনুষ্ঠিত হবে। তবে এই দুই আসরের আয়োজক দেশ এখনো নির্ধারণ করা হয়নি।
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড গড়ল মরক্কো, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কী?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন