০৫:৪৬ পি.এম
সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : আর্থিক সংকটে থাকা আটটি বীমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে এ পর্যন্ত ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মোছা. নাজমুন নাহারের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। আজকের অধিবেশন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হয়।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, দুর্বল আর্থিক অবস্থা ও পরিচালনাগত অদক্ষতার কারণে আটটি বীমা কোম্পানির বিরুদ্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এ পর্যন্ত ২২ হাজার ৩০ জন গ্রাহকের মধ্যে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি নিষ্পত্তি করা হয়েছে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
তিনি আরও বলেন, দাবি নিষ্পত্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য যোগ্য ও নিরপেক্ষ নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে এবং পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে। এসব পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের দাবি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, সরকারের এসব পদক্ষেপের পর অন্যান্য বীমা কোম্পানিও তাদের দাবি নিষ্পত্তির কার্যক্রম জোরদার করেছে। এর ফলে সামগ্রিক দাবি নিষ্পত্তির কার্যক্রম কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
মেয়াদোত্তীর্ণ জীবনবীমার দাবি বারবার পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, আইনগত বাধ্যবাধকতা, আর্থিক দায় এবং বীমা গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বিষয়টি পর্যালোচনা করা হবে।
তিনি জানান, কোনো কোম্পানির লাইসেন্স বাতিল করা হলেও বীমা গ্রাহকদের প্রতি ওই কোম্পানির বিদ্যমান দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
আরও পড়ুন: টাঙ্গাইলের জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনা
অর্থমন্ত্রী সংসদকে জানান, রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনসহ দেশে বর্তমানে মোট ৮২টি জীবন ও সাধারণ বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন