০১:৫৬ পি.এম
নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা দীর্ঘ ৯ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি নির্বাচন আয়োজনের শুরু থেকে সার্বিক সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে রাজু গোয়ালা এসব কথা বলেন। এ সময় শ্রমমন্ত্রী নবনির্বাচিত সভাপতিকে নিজের হাতে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান।
রাজু গোয়ালা বলেন, "দীর্ঘ ৯ বছর পর চা শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।" তিনি উল্লেখ করেন, শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এই নির্বাচন সম্পন্ন করতে সরকারের সহযোগিতা এবং শ্রমমন্ত্রীর আন্তরিক ভূমিকা প্রশংসার দাবিদার। বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল
এ সময় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "চা শ্রমিকেরা দেশের অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ন্যায্য অধিকার, জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।" তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের প্রতিনিধি নির্বাচিত হওয়া অত্যন্ত ইতিবাচক। নবনির্বাচিত নেতৃত্ব শ্রমিকদের স্বার্থ রক্ষা, ঐক্য বজায় রাখা এবং তাঁদের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী জানান, সরকার চা শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে ৬১ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রাজু গোয়ালা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন