০৩:৫০ পি.এম
চট্টগ্রামের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী বাসচাপায় নিহত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা পাশের রেললাইনেও গাছের গুঁড়ি ফেলে অবরোধের কার্যক্রম চালান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এরপর সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করতে শুরু করেন।
নিহত শিক্ষার্থী মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। এ ঘটনায় আরও তিনজন ছাত্রী আহত হয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুর, আটক ৮
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি লরি প্রতিযোগিতার মতো চলছিল। এক লরি অপর লরিকে চাপ দিলে সেটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসকে ধাক্কা দেয়। এর ফলে বাসটি উল্টে যায় এবং নিহত মাইশা সেটির নিচে চাপা পড়েন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মারুফুল হক বলেন, "দুর্ঘটনার আশঙ্কায় তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় পথচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো সাড়া দেয়নি। তাই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও পথচারী-সেতুর দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছেন।"
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম জানান, স্থানীয় লোকজন লরি দুটি আটক করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাস থেকে নামার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন। আরেক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিষয়টি দেখভাল করছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে স্লোগান, ছাত্রলীগের ৬ নেতা আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন