০৮:৩৫ এম
চারপাশে আনন্দ এবং আত্মীয়স্বজনের কোলাহল ছিল। দুবাই প্রবাসী খোরশেদ আলম নতুন বউ নিয়ে হাজির হয়েছিলেন চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে। দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি। খোরশেদ আলম ১৪ অক্টোবর আবার প্রবাসে চলে যাবেন।
কিন্তু নিয়তির নির্মম লিখনে সেই বিয়ের আনন্দঘন বিকেলটি মুহূর্তের মধ্যেই বিভীষিকাময় বিষাদে পরিণত হলো। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার সময় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ‘নন্দনপার্ক কমিউনিটি সেন্টার’ থেকে বোনের বিয়ে শেষে স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন খোরশেদ। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর
সড়কের এক মারাত্মক বাঁকে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন খোরশেদ আলম। মুহূর্তেই বাইকটি সজোরে ধাক্কা খায় আইল্যান্ডের সঙ্গে। ধাক্কার তীব্রতায় সড়কে ছিটকে পড়েন স্বামী-স্ত্রী দুজনই। বিকট শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। রক্তে ভেসে যায় সড়ক।
আরও পড়ুন: চট্টগ্রামে চাঁদাবাজদের হুমকিতে ব্যবসা-বাণিজ্য জিম্মিতে
কিন্তু ততক্ষণে সব শেষ—ঘটনাস্থলেই প্রাণ হারান খোরশেদ। আর পাশে রক্তাপ্লুত অবস্থায় কাতরাচ্ছিলেন ১৮ বছরের তরুণী রায়সা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। নিহত খোরশেদ রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলই নগর গ্রামের খায়ের আহমেদের ছেলে।
মাত্র দুই মাস আগে হাটহাজারী উপজেলার মইন্যাপুকুর পাড়ের ওসমান গণির মেয়ে রায়সার সঙ্গে তার বিয়ে হয়েছিল। যে হাতে কিছুদিন আগে বিয়ের মেহেদির রঙ লেগেছিল, সেখানে আজ শুধুই স্বজনদের অশ্রু আর হাহাকার।
রাউজান হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাজান বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে এসএসসি ফল জালিয়াতি মামলায় প্রোগ্রামারসহ তিনজন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন