০৮:৩২ পি.এম
মোংলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হলো ‘সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ি’ এই দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকারের মধ্যদিয়ে।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির অন্তর্গত ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে মোংলার চিলা বাজারে বর্ণাঢ্য সাইকেল র্যালি, বৃক্ষরোপণ এবং ম্যানগ্রোভ সুরক্ষা নিয়ে ব্যাপক জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে সবুজের পরিধি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা আগ্রহসহকারে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জলবায়ু সংকট মোকাবেলায় স্থানীয় তরুণদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’ এবং ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’ সদস্যরা সাইকেল র্যালির আয়োজন করেন, যা উপজেলা চিলা ইউনিয়নের চিলা বাজার থেকে কেয়াবুনিয়া সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাড়ে চার বছরের শিশুর
ঝড়, জলোচ্ছ্বাস, ভাঙ্গন রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পশুর নদীর পাড়ে ৬ একর জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪টি প্রজাতি (কাঁকড়া, বাইন, কেওড়া ও পশুর) এর ওপর ৩৫ হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। বিশাল এই বনায়ন কর্মসূচিতে বর্তমানে ব্র্যাক এবং ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’ ও ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’ এই নবীন ম্যানগ্রোভ বনাঞ্চলের দীর্ঘ মেয়াদি ভবিষ্যৎ সুরক্ষা, পরিচর্যা এবং টেকসই রক্ষণাবেক্ষণের জন্য একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ পরিকল্পনা করছে।
আলোচনা সভায় কীভাবে বিদ্যমান বনকে পুরোপুরি সুরক্ষিত রাখা যায় এবং স্থানীয় জনগণকে অধিক সম্পৃক্ত এবং সচেতন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
দিবসটির আলোচনা সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলের জীবন ও জীবিকা রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চলের অপরিসীম গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ম্যানগ্রোভ বনাঞ্চল বৃদ্ধির উপায়, বিদ্যমান বনকে সুরক্ষিত রাখা এবং স্থানীয় জনগণকে আরও সম্পৃক্ত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর চরম ভাবাপন্নতা রোধে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেন।
আরও পড়ুন: লাকসামে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগের তিন নেতা সহ ৭ জন গ্রেপ্তার
অনুষ্ঠানে ব্র্যাকের প্রোগ্রাম অপারেশনস ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া, ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’ ও ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’ এর সদস্য এবং স্থানীয় প্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন