১১:২৭ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ অনেকদূর এগিয়েছে। ২০২৭ সালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি নিয়ে অনেক ধরনের নেতিবাচক প্রচারণা হলেও এর কাজ অনেকদূর এগিয়েছে। এত বড় একটি বৃহৎ প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আগে হাওয়ার ওপর বক্তব্য দেওয়া হতো। এখন বড় বড় বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা হচ্ছে। তারা রিপোর্ট জমা দিলে শিগগিরই আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ।
আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড
তিনি বলেন, এই একটিমাত্র প্রকল্পের মাধ্যমেই লালমনিরহাটের সার্বিক চেহারা পরিবর্তন হয়ে যাবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান ও আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লালমনিরহাটের শিক্ষার্থীদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, আগামী দিনে লালমনিরহাটের নেতৃত্ব তোমাদেরই দিতে হবে। নিজেদের জেলার ঐতিহ্য ও আঞ্চলিক ভাষা নিয়ে লজ্জিত না হয়ে তা নিয়ে গর্ববোধ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেল
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের সময় লালমনিরহাটের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে বাস মালিক সমিতির সঙ্গে কথা বলে ভাড়া নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া, লালমনিরহাটের নারী শিক্ষার্থীদের আবাসিক হলের সমস্যা সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।
এ সময় এলাকার দারিদ্র্য শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির ফান্ডে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। পাশাপাশি লালমনিরহাটকে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
আরও পড়ুন: মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে যুব বাঙালির শ্রদ্ধা
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল শিক্ষার্থীদের শেকড় না ভোলার পরামর্শ দেন। তিনি জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে লালমনিরহাট জেলার তিন সংসদ সদস্যই প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন।
একইসঙ্গে ফোরলেন সড়ক লালমনিরহাট হয়ে বুড়িমারী পর্যন্ত নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া, ব্যক্তিগত তহবিল থেকে লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতিতে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদের ১৫-১৬ বছর মানুষ যখন ভয়ে কথা বলতে পারত না, তখন আসাদুল হাবিব দুলু ছিলেন সাহসের একটি বাতিঘর।
উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে লালমনিরহাটের শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন: বৈদেশিক মুদ্রা মামলায় সালমান-আনিসুলের অভিযোগ গঠনের শুনানি ১০ ডিসেম্বর
অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ জেলার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন