১২:৩২ এম
বরগুনার বামনায় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাইফুলের স্ত্রী সুমাইয়া পলাতক অবস্থায় রয়েছেন।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে বামনা উপজেলার অযোধ্যা এলাকা থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা, তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস
পুলিশ এবং সাইফুলের স্বজনরা জানিয়েছেন, দেড় বছর আগে সাইফুল ইসলামের সঙ্গে বামনা উপজেলার অযোধ্যা এলাকার ইউনুস আলীর মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। শুক্রবার রাতে তারা খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে যখন কোনো শব্দ পাওয়া যায়নি, তখন স্বজনরা ঘরে প্রবেশ করেন এবং সাইফুলকে অচেতন অবস্থায় পান। এ সময় সাইফুলের স্ত্রী সুমাইয়া কোথাও পাওয়া যায়নি। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের মরদেহ উদ্ধার করে।
এদিকে সাইফুলের স্বজনদের অভিযোগ, সুমাইয়ার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। তারা মনে করছেন, রাতে কৌশলে সাইফুলকে চেতনানাশক কিছু বা ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে এবং এরপর সুমাইয়া পালিয়ে গেছেন।
বামানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান মরদেহ উদ্ধারের নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘খবর পেয়ে বেলা ১১টার দিকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে সাইফুলকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই সাইফুলের স্ত্রী পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন: বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ, এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন