১০:৪০ এম
কর্দোবায় অনুষ্ঠিত ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে পরাজিত করে ২০২৬ সালের জন্য দুর্দান্তভাবে বছরের সমাপ্তি ঘটিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগের ম্যাচে উরুগুয়ের কাছে হারের বেদনা এই জয়ে ভুলে গেছে লিওনেল স্ক্যালোনির দল। দলের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন আলবিসেলেস্তেদের কোচ। ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করা এই কোচ, বছরের পারফরম্যান্স মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেছেন।
মৌসুমের মাঝামাঝি সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে স্ক্যালোনি বলেন, "বিশ্বকাপের কিছু ম্যাচ আমরা নিশ্চিতভাবেই মনে রাখব, যেগুলো ছিল মহাকাব্যিক। মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আমাদের অনুভূতি ছিল অবিশ্বাস্য।"
তিনি আরও বলেন, "প্রথমেই আমার মনে হচ্ছে, ভালো কাজ করতে পেরে আমি সন্তুষ্ট। আমরা চেষ্টা করেছি ম্যাচে প্রভাব বিস্তার করতে, প্রতিদ্বন্দ্বিতা করতে এবং সব সময় আর্জেন্টিনা হয়ে থাকতে।"
আরও পড়ুন: এক ঢিলে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন ইকুয়েডরের ফুটবলার জন পারলাজা
বছরটিকে ইতিবাচক হিসেবে দেখছেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, "আমার মনে হয়, বছরটি ইতিবাচক ছিল। আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি এবং আরেকটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছি। তবে সব সময় জয় পাওয়া সম্ভব নয়। আমরা সন্তুষ্ট। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে পেরেছি, যেখানে শিরোপা না জিতলেও কাজের স্বীকৃতি পাওয়া যায়। এটা দারুণ ব্যাপার।"
সমালোচনা নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন স্ক্যালোনি। তিনি বলেন, "আমি সমালোচনার জবাব দিতে চাই না। সমালোচনা করার অধিকার সবার আছে। আট বছর ধরে আমি এ বিষয়ে কথা বলিনি, এখন কেন শুরু করব? মানুষ ও সংবাদমাধ্যমের এ নিয়ে আলোচনা করাটা স্বাভাবিক।"
কর্দোবার মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুজাতোতে জন্ম নেওয়া এই কোচ। পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজের দর্শকদের সঙ্গে আবারও ভালোবাসার সম্পর্ক গড়ার আহ্বানের সঙ্গেও একমত পোষণ করেন তিনি।
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে রেকর্ড গড়ল মরক্কো, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কী?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন