ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণেরও পূর্বাভাস


দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণেরও পূর্বাভাস

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বহু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সাথে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্যগুলি জানানো হয়েছে।

আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, উত্তর উড়িষ্যা ও এর সংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এবং ছত্তিশগড় এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং বর্তমানে ছত্তিশগড় ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিমের দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

এছাড়া, মৌসুমি বাতাসের অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়ে চলছে। মৌসুমি বাতাস বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকালের বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নারায়ণগঞ্জে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: ৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি. মি. চলছে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত টেকনাফে ৮৯ মিলিমিটার রেকর্ড হয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে।

আরও পড়ুন: সিপিডির প্রস্তাবে পোশাক শ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘টাইগার লাইটনিং-২০২৬’ অনুশীলনের পর্দা নামল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


‘টাইগার লাইটনিং-২০২৬’ অনুশীলনের পর্দা নামল

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ : বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (ইউএসএআরপিএসি)-এর যৌথ অংশগ্রহণে অনুশীলন টাইগার লাইটনিং (টিএল)-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান বুধবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর, এসইউপি (বার)।

১৯ জুলাই থেকে শুরু হওয়া এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের যৌথ অংশগ্রহণে পরিচালিত হয়েছিল।

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে।

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় কাজ করতে বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এবং এই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ পরিচালনা করা হয়েছে।

এই অনুশীলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক এবং ওরেগন ন্যাশনাল গার্ডের ৮৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের বিষয়ভিত্তিক ৯২ জন সদস্য অংশগ্রহণ করেছেন।

প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে অনুশীলন সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান এবং স্মারক হিসেবে প্রত্যেককে ইনসিগনিয়া প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাসদর এবং সিলেট অঞ্চলসহ উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ২৮, তীব্র গরমে ব্যাহত উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

১২:২১ পি.এম


জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ২৮, তীব্র গরমে ব্যাহত উদ্ধার অভিযান

জাপানে একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। তীব্র গরমের মধ্যেও বৃহস্পতিবার ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারের জন্য জরুরি উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

সরকার সর্বশেষ নিহতের সংখ্যা জানিয়েছে। একইসাথে কুমামোতো কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবারের ভূমিকম্পের পর সন্দেহভাজন গ্যাস বিস্ফোরণে ধসে পড়া এইয়ন (অবড়হ) শপিংমলের ধ্বংসস্তূপ থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে কংক্রিট, ইস্পাত ও তারের স্তূপ ছড়িয়ে রয়েছে।

জাপানের কিউশু দ্বীপের কুমামতো প্রিফেকচারের রাজধানী শহর কুমামোতো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘আমরা শপিংমল থেকে ১০ জনকে উদ্ধার করেছি। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও একজনের শরীরে প্রাণের কোনো লক্ষণ নেই। বাকি পাঁচজন গুরুতর ও সামান্য আহত হয়েছেন।’

মঙ্গলবার রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে। সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে আগুন লেগেছে। কয়েক হাজার মানুষ বিদ্যুৎ ও পানি ছাড়াই দিন কাটাচ্ছেন। সপ্তাহের শেষে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রবীণ জনগোষ্ঠীর দেশ জাপানে উকি শহরের একটি কমিউনিটি সেন্টারের লবিতে কয়েক শত বয়স্ক মানুষ পাতলা মাদুর বিছিয়ে আশ্রয় নিয়েছেন। তারা প্রচণ্ড গরম থেকে বাঁচতেই সেখানে অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেছেন, ‘এই আশ্রয়কেন্দ্রগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ সেখানে কিছু মানুষ চেয়ার-টেবিলের মাঝখানে ঘুমাচ্ছিলেন, আবার কেউ টেলিভিশনের সামনে বসে খবর দেখছিলেন।

তিনি মন্তব্য করেছেন, ‘আমি বাড়িতে থাকার বা গাড়িতে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু গরম খুব বেশি এবং মশার উপদ্রব রয়েছে।’

চার সন্তানের বাবা এবং সুপারমার্কেট কর্মী ৫৩ বছর বয়সী হিরোইউকি মাতসুশিমা জানিয়েছেন, ‘এমন গরমে বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়ে।’

ভূমিকম্পের পর শপিংমলটি খালি করে ফেলা হয়েছিল। তবে প্রায় ৫০ মিনিট পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঠিক কতজন কর্মী ভেতরে ছিলেন, তা জানা যায়নি।

৫৬ বছর বয়সী ব্যবসায়ী ফুমিহিকো মাতসুউরা বলছেন, সপ্তাহখানেক আগে তিনি ওই শপিংমলেই সর্বশেষ ‘টয় স্টোরি’ চলচ্চিত্রটি দেখেছিলেন।

তিনি এএফপিকে বলেন, ‘আমি এখানে ছিলাম। ঠিক এখানেই ছিলাম। মনে হচ্ছে আমি অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেয়েছি।’

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, কমলা রঙের পোশাক ও সাদা হেলমেট পরা উদ্ধারকর্মীরা বাঁকানো ইস্পাত, ঝুলে থাকা বৈদ্যুতিক তার, এবং ছাদের ভাঙা অংশের মধ্যে দিয়ে সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন।

একজন সরকারি কর্মকর্তা বুধবার এএফপিকে জানান, ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কারখানায় একটি লাল-সাদা চিমনির অংশ ধসে পড়েছে। এতে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও চারজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২২ হাজার ৬৭০টি পরিবার এবং স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বুধবার পর্যন্ত প্রায় ৮৪ হাজার বাড়িতে পানির সরবরাহ ব্যাহত ছিল।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, মানুষ পেট্রোল এবং বিশুদ্ধ পানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে কর্তৃপক্ষ কয়েক শত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে বুধবার একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে।

বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি ইশুগুয়ালাস্তো প্রাকৃতিক পার্কে বিধ্বস্ত হওয়ার আগে পাশের একটি প্রদেশে আগুন নেভাতে যাওয়ার জন্য প্রস্তুতিমূলক মহড়া চালাচ্ছিল। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটি ঘাঁটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। সপ্তাহের শুরু থেকেই অস্ট্রিয়ার আয়তনের প্রায় সমান আধা-শুষ্ক অঞ্চল লা রিওহায় পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় আগুন বেশ কিছুদিন ধরে জ্বলছে।

বুয়েনস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘অত্যন্ত গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি।’

তিনি জানান, এই দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত সাতজন প্রাণ হারিয়েছে।

সান হুয়ানের গভর্নর আরও বলেন, এই ঘটনায় অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক সুরক্ষা কর্মীরা রয়েছেন।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আলেজান্দ্রা মনতেলিভা এক্স-এ তার সমবেদনা প্রকাশ করেছেন।

এই দুর্ঘটনার পর সান হুয়ান স্থানীয় সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।

স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা এএফপিকে জানিয়েছেন, মাত্র তিন দিনে শত শত হেক্টর জমি ভস্মীভূত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে একদল ডাকাত বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের ঘরের দরজা কোরাবাড়ি দিয়ে খুলে ঘরে ঢুকে পড়ে। এরপর পরিবারের সদস্যদের মারধর করে হাত-মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

এসআই সায়মা সুলতানা আরও বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%