শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৩ পি.এম
ফেনী, ২০ নভেম্বর, ২০২৬ : ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গুলিবর্ষণ ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে দায়ের করা ১০টিরও বেশি মামলার আসামি যুবলীগ নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে (৪২) আজ পুলিশ গ্রেফতার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায় তার নামও অন্তর্ভুক্ত রয়েছে।
শুক্রবার ভোররাতে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল হোসেন ওই এলাকার আবু তাহেরের ছেলে এবং তিনি চর চান্দিয়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বাসস’কে জানান, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূঁইয়া বাজার এলাকা থেকে বাটা দুলালকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০৩১ সালে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। এবিজি স্পোর্টস সিটি এই আইসিসির সর্বোচ্চ টুর্নামেন্টের কিছু ম্যাচ আয়োজনের স্বপ্ন দেখছে। তারা আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে।
এছাড়া, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে চলা ইংল্যান্ড দলের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনের আশা করছে এবিজি স্পোর্টস সিটি। আজ এশিয়ান ব্লাইন্ড ক্রিকেট কাপের ফাইনাল শেষে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান এ তথ্য জানান।
ইমরুল বলেন, ‘আমাদের আরেকটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়ামের কাজ এগিয়ে চলছে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি। আশা করছি, ২০২৭ সালের জুনের মধ্যে সেটির কাজ শেষ করতে পারব। আমরা বিসিবির সঙ্গে কথা বলব, আশা করছি ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপের কিছু ম্যাচ এখানে আয়োজন করতে পারব। এখানে বেশ কিছু ম্যাচ আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী।’
সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি প্রতিনিধি দল স্টেডিয়ামটির সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে। এ বিষয়ে ইমরুল বলেন, ‘আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। আজ এশিয়ান ব্লাইন্ড ক্রিকেট শেষ হলো। আপনারা জানেন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দল আমাদের এখানকার সুযোগ-সুবিধা দেখে গেছে। তারা এখানকার ফ্যাসিলিটিজ দেখে অত্যন্ত উচ্ছ্বসিত এবং প্রশংসা করেছেন। আমরা আশাবাদী, ইংল্যান্ড ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছে, তারা এখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।’
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ দল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর বাইরে নিয়মিত ঘরোয়া লিগও অনুষ্ঠিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী জানুয়ারিতে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে রেলওয়ের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তাদের সঙ্গে চুক্তি নবায়নের কোনো সম্ভাবনা না রেখে নতুন সেবাদাতা নিয়োগের জন্য ইতোমধ্যে উন্মুক্ত দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছে।
শুক্রবার রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক কর্মশালায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানান।
বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ রেলওয়েকে টিকিটিং সেবা দিয়ে আসছে সহজ-সিনেসিস ডটকম। তবে তাদের সেবা নিয়ে যাত্রীদের মধ্যে বারবার অসন্তোষ প্রকাশ করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, টিকিট ছাড়ার নির্ধারিত সময়ে (বিশেষ করে সকাল ৮টায়) ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। এ কারণে টিকিট ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে সব আসন ‘বুকড’ বা শেষ হয়ে যায়; যা সাধারণ যাত্রীদের মধ্যে কালোবাজারি ও সিন্ডিকেটের সন্দেহ তৈরি করছে। মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ সম্পন্ন হওয়ার পরও অনেক সময় টিকিট ইস্যু হয় না। আবার অসফল লেনদেনের টাকা ফেরত (রিফান্ড) পেতে যাত্রীদের দিনের পর দিন ভোগান্তি পোহাতে হয়। যেকোনো সমস্যায় হেল্পলাইন বা ইমেইলে যোগাযোগ করলেও তাৎক্ষণিক সমাধান পাওয়া যায় না।
এমন পরিস্থিতিতে সহজ ডটকমের সঙ্গে চুক্তি নবায়ন না করার ইঙ্গিত দিয়ে আফজাল হোসেন বলেন, ‘নতুন সেবাদাতা নিয়োগের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। উন্মুক্ত এই দরপত্রে যোগ্য যে কেউ অংশ নিতে পারবেন; প্রতিযোগিতার মাধ্যমে যে সর্বনিম্ন দরদাতা হবে এবং যার কোম্পানির সক্ষমতা দেখা হবে, তাকেই নিয়োগ দেওয়া হবে।’
কর্মশালার বিকেলের অধিবেশনে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব মো. ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
রেলওয়ের লোকবল, ইঞ্জিন ও কোচ সংকট এবং লোকসান কাটিয়ে ওঠার পরিকল্পনা নিয়ে রেলসচিব জানান, মিটারগেজে তীব্র লোকোমোটিভ (ইঞ্জিন) সংকট বিদ্যমান। তবে ২০২৯ সালের মধ্যে মিটারগেজে ৮০টি নতুন লোকোমোটিভ যুক্ত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টির দরপত্র প্রক্রিয়া চলমান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টির প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে এবং বিশ্বব্যাংকের ‘গ্রিন রেলওয়ে’ প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ও পণ্যবাহী (ফ্রেইট) ট্রেনের জন্য আরও ২০টি লোকোমোটিভ সংগ্রহের সম্ভাব্যতা যাচাই চলছে। ক্রয়াদেশ দেওয়ার পর সরবরাহ পেতে আড়াই বছর সময় লাগে বিধায় ২০২৯ সালের মধ্যে এগুলো পাওয়া যাবে।
রেলওয়ের অপারেটিং রেশিও বর্তমানে ১ দশমিক ৯১ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে কোনো রেলওয়েই কেবল যাত্রী পরিবহন করে লাভবান হতে পারে না। বর্তমানে দেশে মোট পণ্য পরিবহনের মাত্র ২ থেকে ৩ শতাংশ রেল দ্বারা বহন করা হয় এবং ৮৬-৮৭ শতাংশ সড়কপথে যায়। রেলের পণ্য পরিবহন সক্ষমতা ২০ শতাংশে উন্নীত করা গেলে এক টাকা খরচ করে এক টাকা আয় অর্থাৎ ‘ব্রেক ইভেন’ বা লাভ-লোকসান সমান পর্যায়ে আনা সম্ভব হবে।
রেলসচিব আরও জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ভারতের রাইটস লিমিটেড থেকে পাওয়া ১৮টি নতুন কোচের প্রথম লটের ১২টি দিয়ে সম্প্রতি ঢাকা-পাবনা নতুন ট্রেন চালু হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নতুন কোচ ও ইঞ্জিন দিয়ে ঢাকা-খুলনা রুটে আরেকটি ট্রেন চালুর আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, ব্রডগেজে ইঞ্জিনের সংকট না থাকলেও মিটারগেজে (যেমন সিলেট রুটে) নতুন ট্রেন দিতে গেলে সংকটে পড়তে হয়। এ ছাড়া ডাইনিং কার, পাওয়ার কার ও ইন্সপেকশন কারসহ আরও ২০০টি ব্রডগেজ কোচ এবং সব মিলিয়ে অদূর ভবিষ্যতে ৪০০-এর বেশি মিটারগেজ ও ব্রডগেজ কোচ পাইপলাইনে রয়েছে। এগুলো এলে পঞ্চগড়ের মতো দীর্ঘ রুটের পুরোনো কোচ বদলে সেগুলো মেরামত করে স্থানীয় কমিউটার ট্রেনে ব্যবহার করা হবে।
সারা দেশে ৬০ থেকে ৭০টি বন্ধ ট্রেন এবং লুপ লাইন নষ্ট হয়ে বন্ধ থাকা স্টেশন চালুর বিষয়ে সচিব জানান, লোকাল ও কমিউটার ট্রেন বন্ধ থাকায় আন্তঃনগর ট্রেনের এসি কোচেও দাঁড়িয়ে যাত্রী যাওয়ার অভিযোগ উঠছে। বন্ধ ট্রেনগুলোর অধিকাংশ মিটারগেজ (যেমন পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট সেকশন), যা ইঞ্জিন ও কোচ সংকটের কারণে চালু করা যাচ্ছে না। তবে পর্যায়ক্রমে বন্ধ স্টেশন ও লুপ লাইন মেরামত করা হচ্ছে।
রেলওয়ে কারখানা আধুনিকায়ন ও কোচ তৈরির সক্ষমতা বাড়ানোর বিষয়ে ফাহিমুল ইসলাম জানান, সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নে এডিবির অর্থায়নে সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ এবং পার্বতীপুর লোকোমোটিভ কারখানায় সংযোজন (অ্যাসেম্বলিং) সুবিধাসহ আধুনিকায়নের যাচাইও শেষ পর্যায়ে।
তিনি জানান, সম্প্রতি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং শিগগিরই ঋণ চুক্তি সই হবে। এই অর্থায়নে পার্বতীপুর ও সৈয়দপুর কারখানার আধুনিকায়ন হবে। পাশাপাশি সৈয়দপুরে গ্রিনফিল্ড বিনিয়োগেরও চেষ্টা চলছে। ভবিষ্যতে বাড়তি কোচ ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণের জন্য রাজবাড়ীতে ১০৫ একর জমির ওপর একটি ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে, যেখানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) অর্থায়নে আগ্রহ দেখিয়েছে।
ঈশ্বরদীর সাঁড়াঘাট, বাবুরাবাদ ঘাট ও খোলাগঞ্জসহ বিভিন্ন ঘাট এলাকায় রেলের অনেক জমি বেদখল হয়ে আছে, যা রেলের নথিতেও ছিল না।
রেলপথমন্ত্রী/সচিব জানান, রেলের কোথায় কী পরিমাণ জমি আছে, তার সঠিক হিসাব রাখতে ‘রেলওয়ে এস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যার’ (রেমস) চালু করা হয়েছে। লালমনিরহাটে পরীক্ষামূলকভাবে শুরুর পর এখন সারা দেশে এটি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, ‘ভুয়া নামজারি (মিউটেশন) এবং অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় ও রেলের নিজস্ব অবহেলায় অনেক জমি বেদখল হয়েছে। তবে বর্তমানে প্রতিটি বিভাগে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) ও অঞ্চলে প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তাদের (সিইও) মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে জমি উদ্ধার করা হচ্ছে।’
লোকাল ও মেইল ট্রেন পরিচালনায় বেসরকারি অপারেটরদের সম্পৃক্ত করার বিষয়ে জানানো হয়, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য আগে কিছু ট্রেন চালু হয়েছে। নতুন কিছু ট্রেনের দরপত্র করা হয়েছে এবং আরও কিছু ট্রেনের দরপত্র প্রক্রিয়াধীন। নিজস্ব লোকবলের সীমাবদ্ধতায় অনেক ট্রেনে টিকিট পরীক্ষা করা যায় না এবং টিটিই ও টিসিদের সংকট ও বিনা টিকিটের যাত্রী রোধে সীমাবদ্ধতা রয়েছে। সরকারিভাবে ট্রেন চালানোর চেয়ে বেসরকারি অপারেটরদের দিলে আয় বেশি হয়, কারণ তারা অগ্রিম টাকা দেয় এবং পরে টিকিট বিক্রি করে লভ্যাংশ তুলে নেয়। এতে রেলের আয় বাড়ে বলেই সরকার এসব ট্রেনে বেসরকারি ব্যবস্থাপনাকে উৎসাহিত করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম যদি বাংলাদেশে এসে কনসার্ট করার সুযোগ পান, তাহলে কেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও বিচারপতি মুফতি তাকী উসমানি বাংলাদেশে আসতে পারবেন না, এই প্রশ্ন তুলেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আতিফ আসলাম যদি পাকিস্তান থেকে বাংলাদেশে এসে কনসার্ট করতে পারেন, তাহলে বিচারপতি মুফতি তাকী উসমানি কেন বাংলাদেশে আসতে পারবেন না? শিল্পীর জন্য দরজা খোলা, আর একজন আলেমের জন্য বাধা! এর ব্যাখ্যা কী?’
মাওলানা ত্বহা মাহমুদ আরও প্রশ্ন তোলেন, মুফতি তাকী উসমানির বাংলাদেশ সফরের ক্ষেত্রে দিল্লির অনুমতি না পাওয়ার বিষয়টি কতটা সত্য। তিনি সরকারের অবস্থানও জানতে চান।
তিনি বলেন, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমের সফর বাতিলের ঘটনায় সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ মরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলন সেশনের কিছু অংশ ড্রোনের মাধ্যমে ধারণ করার পর ভিডিওটি সরিয়ে নিয়েছেন এক ড্রোন অপারেটর। তিনি এই ঘটনায় নিজের ‘সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন’ সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
বৃহস্পতিবার, ক্লাবটির ক্যারিংটন অনুশীলন কমপ্লেক্সের নিকট ড্রোন উড়িয়ে ১২ মিনিটের একটি ভিডিও ধারণ করে ওই ব্যক্তি নিজের ইউটিউব চ্যানেল ‘সিসি ওভারভিউ’-তে প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, পচেত্তিনো, যিনি এই সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব গ্রহণ করেছেন, রোববার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের প্রস্তুতি হিসেবে খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন।
শুক্রবার, নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ঐ ব্যক্তি বলেন, “আমার সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন সিদ্ধান্তের কারণেই ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের কিছু অংশ ভিডিও করেছি।”
তিনি আরও যোগ করেন, “ড্রোনসংক্রান্ত আইন অনুযায়ী উড্ডয়নটি বৈধ হলেও আমার কাজটি যে নৈতিক ছিল না, তা আমি পুরোপুরি স্বীকার করছি।”
“সমর্থকদের প্রথমবারের মতো ইউনাইটেডের অনুশীলনের পোশাকে মরিসিও পচেত্তিনোকে দেখানোই ছিল আমার উদ্দেশ্য।”
তিনি জানান, অনুশীলন শুরুর সময় ভিডিও করায় ভুল করে ভেবেছিলেন, তখনো গুরুত্বপূর্ণ কোনো অনুশীলন শুরু হয়নি। তাই কেবল ওয়ার্ম-আপের দৃশ্য ধারণ করা হবে বলে তাঁর ধারণা ছিল।
নিজেকে কলিন পরিচয় দিয়ে ওই ড্রোন অপারেটর বলেন, অনুশীলন সেশনটি বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে বলেও তিনি ভুলভাবে ধারণা করেছিলেন।
তিনি বলেন, “আমার এই কাজের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড, মরিসিও পচেত্তিনো ও খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইছি। আন্তরিকভাবে আশা করছি, আমার এই কর্মকান্ড কোনো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে না।”
ভিডিও ধারণের সিদ্ধান্তের সঙ্গে লিভারপুল বা অন্য কোনো ক্লাবের সংশ্লিষ্টতা ছিল না বলেও তিনি জানিয়েছেন।
এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এখনও কোনো মন্তব্য করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ