০৩:৪২ পি.এম
খুলনার দিঘলিয়ায় মো. নাসিমুল করিম (৪৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরমাইশখানা এলাকায় চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিসের সামনে দুই ব্যক্তি তার পথরোধ করে গুলি চালায়। পরে স্থানীয় হাসপাতালে আহত অবস্থায় নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসিমুল করিম ফরমাইজখানা এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে নাসিমুল করিম দিঘলিয়া থানাধীন ফরমাইশখানা এলাকায় জনৈক তৈয়ব আলী শিকদারের চায়ের দোকানের সামনে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
নাসিমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ মোট ৮টি মামলা রয়েছে। এছাড়া প্রাথমিক তদন্তে তার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সঙ্গে সম্পর্কিত তথ্য পাওয়া গেছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও জানান, কারা বা কী কারণে তাকে হত্যা করেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন