১২:৪৩ এম
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান মন্তব্য করেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প কিছুই নেই। খেলাধুলা শুধুমাত্র শরীরচর্চার একটি মাধ্যম নয়, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজ বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নে আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান আরও বলেন, দেশের তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে হলে তাদের অবশ্যই খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ক্ষেত্রে তিনি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
তিনি উল্লেখ করেন, একটি সুস্থ ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে মাঠের অবকাঠামো উন্নয়ন এবং খেলার মাঠগুলো সংরক্ষণে গুরুত্ব প্রদান করতে হবে। যদি তরুণদের জন্য যথেষ্ট ক্রীড়া সুযোগ নিশ্চিত করা যায়, তাহলে তারা বিপথগামী হওয়ার ঝুঁকি থেকে অনেকাংশে মুক্ত থাকতে পারবে।
মাদকদ্রব্যের সামাজিক প্রভাব তুলে ধরে আমানউল্লাহ আমান বলেন, মাদক এটি একটি পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এ কারণে দেশে মাদক ব্যবসায়ীদের জন্য কোনো স্থান থাকা উচিত নয়। তিনি মাদক নির্মূলে শুধুমাত্র প্রশাসনের ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা বিশদভাবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে তিনি মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ঢাকা-২ আসনে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের স্থান থাকবেনা। যদি কেউ দলীয় পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়িত হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন বয়সী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পরে টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন