০৪:৩৯ পি.এম
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু ঘটেছে।
শুক্রবার উপজেলার বড়কান্দা গ্রামে এই ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০-৩৫০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা যায়, দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করার পর বরপক্ষের আমন্ত্রিত অতিথিদের জন্য বিকেলে খাবার পরিবেশন করা হয়। বিয়ের খাবার গ্রহণের পরপরই অতিথিদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়া দেখা দেয়। অসুস্থদের চিকিৎসার জন্য নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
অসুস্থদের মধ্যে কিরণ, আকাশ, রুবেল, তুষারসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফখরুল ইসলাম কিরণ (৫০)।
বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, তার বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের লোকজন খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বামী শেখ স্বাধীন এবং তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে পেটব্যথা ও বমি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সেলিম মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস সঠিকভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।
সিংপুর গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া ব্যক্তিদের রাতেই নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের ভাগলপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড, দুর্বৃত্তের অভিযোগ
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে ১৫ জনের অধিক নতুন রোগী ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নিকলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফখরুল ইসলাম কিরণ মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি বা মামলা হয়নি।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ রোগীদের নিয়মিত চিকিৎসাসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় ডা. ইফতিয়ার আহমেদ নাবিলকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শেরপুর সীমান্ত যুব দলের বি-ক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বাজিতপুর-নিকলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল শনিবার রাত ৯টায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে জানান, বিয়েবাড়িতে দুপুরের খাবার খেয়ে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন