০৪:৫৪ পি.এম
বিএনপি জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে, এভাবে উল্লেখ করে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির গণতন্ত্র নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, তা সমীচীন নয়। জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণেই বিদেশে নির্বাসিত অবস্থায় রয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন চুক্তি সম্পন্ন করা হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা চলছে।
এর আগে, স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের মাত্র তিন মাসে ইতোমধ্যে অনেক কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচিও চালু করা হয়েছে।
এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তিনি মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের অঙ্গীকার দেন এবং সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
এর আগে, মন্ত্রী উত্তর ইসলামপুর এলাকায় পৌঁছে স্থানীয়দের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের খোঁজ খবর নেন। পরে তিনি উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন