০৭:৪৪ পি.এম
দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন এবং শিল্পকারখানায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি জেলায় মোট ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ৪৯ প্লাটুন সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। নতুন করে চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি চলছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫, গাজীপুরে ১৩, ফরিদপুরে ৫ এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ: শিশির মনির
এছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে মোট মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে। গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জে জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ফরিদপুরে রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় তাঁদের মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অন্যদিকে, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার উৎপাদন সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে।
গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাক এলাকায় টহল ও নজরদারি চালানো হচ্ছে। বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন কার্যক্রম চললেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন সদস্যরা।
আরও পড়ুন: ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, পুলিশ সদরদপ্তরের বক্তব্য
নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় আনসার সদস্যদের উপস্থিতিতে শ্রমিকদের কাজে ফেরা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করছেন। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জননিরাপত্তা, শিল্পকারখানার কার্যক্রম সচল রাখা এবং নির্বিঘ্নে জনচলাচল নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন