০২:০৪ পি.এম
আগামী ২৮ অক্টোবর, ২০০৬ সালে সংঘটিত আওয়ামী লীগের লগি-বৈঠা আন্দোলনের দুই দশক পূর্তি উদযাপন হতে যাচ্ছে। এই উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কর্মসূচি প্রকাশ করা হয়।
আরও পড়ুন: আইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি, রোহিঙ্গাদের অধিকার ফিরবে কবে?
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে উল্লেখ করেন, "২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়।" তিনি আরও বলেন, সেদিনের নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের ফলে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।
তিনি জানান, ঐতিহাসিক এই ঘটনার দুই দশক পূর্তি হতে যাচ্ছে এবং আজও হত্যাকারীদের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। তিনি সরকারের প্রতি জোর দাবি জানান, "এই পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য।"
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কেন্দ্রীয় সংগঠন এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা ও ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের সব শাখাকে এই দিবস উপলক্ষে উক্ত কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে এবং ঘোষিত কর্মসূচি সার্বিকভাবে সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সকল শ্রেণিপেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর, তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শেষ দিনে ঢাকায় একটি রাজনৈতিক সমাবেশ ডাকে বিরোধী দল আওয়ামী লীগ ও তার ১৪ দলীয় জোট। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন, সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তুমুল আন্দোলন করছিল।
এমন প্রেক্ষাপটে ওই ২৮ অক্টোবরে ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন সৃষ্টি করেছিল।
সেই ২৮ অক্টোবরের আগের দিন এবং পরের দিনও দেশের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘাত ঘটে। তিন দিনের তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষে আওয়ামী লীগ কার্যত রাজপথ দখলে নেয়। এই আন্দোলনটাই পরিচিত লগি-বৈঠার আন্দোলন নামে।
আরও পড়ুন: আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি বাদল মিয়া জোসুর খুনের রহস্য ৫ বছর পর উদঘাটন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন