ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পলাতক সরকারের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী নেওয়া বন্ধ হয়েছিল : প্রধানমন্ত্রী


পলাতক সরকারের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী নেওয়া বন্ধ হয়েছিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে, বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ অথবা স্থগিত করে দেয়। সরকার এসব সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টমদিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, "সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে নেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।" তিনি আরও বলেন, এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কিছু ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

তারেক রহমান জানান, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, "শুধু তাই নয়, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার।" এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কিছু দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেবে।

তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে যারা সিন্ডিকেটের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা তাঁর কাছে বোধগম্য হয়নি।" তিনি জানান, সংসদ সদস্য যদি বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, তাহলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকেই ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন।

তিনি মন্তব্য করেন, সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেওয়া হবে এবং যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।

সংসদ সদস্য বলেন, "সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনা দিলে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে হবে না।" তিনি আরও বলেন, এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

আরও পড়ুন: দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩% দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "আমি কিন্তু বলেছিলাম যে, আমরা মালয়েশিয়াতে আলোচনা করে যেই বন্ধ জিনিসটা ছিল আমাদের মানুষ পাঠানোর, এটিকে আমরা ওপেন করতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছি।" তিনি যোগ করেন, "যদি আপনি জানলে আরো খুশি হবেন, কথাবার্তা বলে আমরা চেষ্টা করেছি যে, যারা যাবে তাদের টোটাল খরচ, যাওয়ার খরচ যাতে ম্যাক্সিমাম দুই লাখ টাকার ভেতরে থাকে।" তিনি জানান, "এই খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যখন যাবেন, এদেশ থেকে শ্রমিকরা যাবেন, তাদের ক্ষেত্রেও যাতে এটি করা সম্ভব হয়, সেই প্রক্রিয়াটি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সরকারি সুযোগ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সরকারি সুযোগ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর জন্য এসব সুযোগ কাজে লাগাতে হবে। সরকারের উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এসব কার্যক্রমে অংশ নেবে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু ভালোভাবে পড়ালেখা করলেই হবে না, নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। একই সঙ্গে চিত্রকলা, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তরুণ প্রজন্মকেই ভবিষ্যতে দেশের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে।

ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দেন। তিনি বলেন, একাধিক ভাষায় দক্ষতা অর্জন করলে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রধানমন্ত্রী জানান, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে দেশের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।

এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন ছিলেন।

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের ৫১ জন শিক্ষার্থী এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’: রবিউল ইসলাম নয়নের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’: রবিউল ইসলাম নয়নের হুঁশিয়ারি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি হুঁশিয়ারি প্রদান করেছেন। তিনি বলেছেন, ‘খুনি হাসিনার দলের নেতাকর্মীদের জন্য আমার দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে। যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না।’

এই হুঁশিয়ারিটি বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে দেওয়া হয়।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়ন আরও বলেন, ‘আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভেতরে। খোদার কসম ছাড়বো না কিন্তু।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই নেতা উল্লেখ করেন, আজকেও কয়েকজন লোককে ধরার পর তিনি রক্ষা করেছেন। তিনি বলেন, রাতের অন্ধকারে যে আগুন দিতে আসছে, তারা কিন্তু ধরা খাবেই।

তিনি আরও বলেন, কিছু সুশীল আছে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছেন এবং বিএনপির সময় বিএনপি করে নিজেদের সেফ করার চেষ্টা করছেন। আপনারা সেফ হতে পারবেন না।

রবিউল ইসলাম নয়ন সতর্কবার্তা দেন যে, স্বৈরাচার হাসিনার দলের জন্য বাংলাদেশের মানুষের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে হবে' জেলা প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী হাওলাদার

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে হবে

ঝালকাঠি জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন বলেন, ‘ঝালকাঠির সমৃদ্ধ লোকজ ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। পর্যটন খাতকে অর্থনৈতিকভাবে আরও বিকশিত করতে হলে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও সমন্বিত প্রচারণার বিকল্প নেই।

তিনি আরও বলেন, ‘জেলার প্রতিটি উপজেলার পর্যটন স্পটগুলোর যথাযথ ব্র্যান্ডিং এবং পর্যটকদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে একযোগে কাজ করতে হবে।

সভায় সরাসরি উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিকী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ সেগুফতা মেহনাজ এবং জেলা পর্যটন উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সভায় সংযুক্ত থেকে নিজ নিজ এলাকার পর্যটন উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ সন্তানের মধ্যে একটি চুরির অভিযোগের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। জেলা সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা গেছে যে, প্রসূতির গর্ভে যমজ সন্তান থাকার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রাফিক প্রমাণ মেলেনি। বরং তদন্তে প্রমাণিত হয়েছে যে গর্ভে একটি সন্তানই ছিল। ফলে একটি নবজাতক চুরির পুরো অভিযোগের ভিত্তি নিয়েই নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে নওগাঁ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. মো. শরীফ চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট চিকিৎসক, অপারেশন টিমের সদস্য, রোগীর স্বজন ও আল্ট্রাসনোলজিস্টদের বক্তব্য এবং বিভিন্ন আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও সংযুক্ত ছবি গভীরভাবে পর্যালোচনা করে। গত ১৪ নভেম্বর সিভিল সার্জনের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, অপারেশনের আগে রোগী ও তার স্বজনদের যথাযথ কাউন্সেলিং করা উচিত ছিল, যা অপারেশনকারী সার্জন ও সংশ্লিষ্ট টিমের পক্ষ থেকে করা হয়নি। বিশেষ করে আল্ট্রাসনোগ্রামের একাধিক রিপোর্টে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় বিষয়টি আরও সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করা প্রয়োজন ছিল। যেখানে একটি রিপোর্টে গর্ভে একক সন্তান এবং অন্য দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হয়েছিল, তা নিয়ে স্বজনদের কোনো পরিষ্কার ধারণা দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আল্ট্রাসনোগ্রাফি শতভাগ নিশ্চিত কোনো পরীক্ষা নয়। গর্ভকাল বাড়ার সঙ্গে সঙ্গে একক নাকি একাধিক সন্তান রয়েছে, তা নির্ণয়ে ত্রুটি হওয়া স্বাভাবিক। ২১ অক্টোবরের একটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ করে একটির ওজন ২ কেজি ৩৩১ গ্রাম এবং অপরটির ওজন ২ কেজি ৪৮৬ গ্রাম দেখানো হয়েছিল। অথচ প্রসবের পর জন্ম নেওয়া নবজাতকের ওজন পাওয়া যায় ৩ কেজি ৭০০ গ্রাম, যা একক শিশুর ক্ষেত্রে স্বাভাবিক। তাছাড়া, আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রদান রেজিস্টারেও যমজ সন্তানের কোনো তথ্য ছিল না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরবরাহ করা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের সঙ্গে সংযুক্ত ছবিগুলোতে একই সঙ্গে দুটি শিশুর মাথা, হৃৎপিণ্ড বা পেটের উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় অভিজ্ঞ বিশেষজ্ঞ আল্ট্রাসনোলজিস্ট ও রেডিওলজিস্ট ডা. এ.এস. রেজাউল মাহমুদও তদন্ত কমিটির এই মতের সঙ্গে একমত পোষণ করেছেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুলের মেয়ে সান্ত্বনা আক্তারকে সন্তান প্রসবের জন্য শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে নবজাতকের জন্ম হয়। তবে আগের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা থাকায় স্বজনরা দাবি করেন, তাদের একটি ছেলে ও একটি মেয়ে হওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু তাদের হাতে কেবল একটি মেয়ে শিশু তুলে দেওয়া হয়।

এ নিয়ে ক্ষোভের মুখে নবজাতকের বাবা শান্ত ইসলাম থানায় মামলা করেন। মামলায় বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক, অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. ইসকেন্দার হোসেন ও সার্জন ডা. মাহফুজা খাতুনসহ আটজনকে আসামি করা হয়।

এদিকে, গত ১২ নভেম্বর বগুড়ার আদমদীঘি থেকে ৭-৮ দিনের এক ছেলে নবজাতকসহ মলিনা (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশ। ওই নারী শিশুটিকে দত্তক নেওয়ার দাবি করলেও এটি বলাকা ক্লিনিকের নিখোঁজ শিশু কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বগুড়ার আলবারাকা জেনারেল হাসপাতালের পরিচালক মো. বিপুল জানান, ৫ নভেম্বর তার প্রতিষ্ঠানে একটি ছেলে শিশু জন্ম নেয়, তবে দত্তক দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।

বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক দাবি করেন, তাদের ক্লিনিকে অপারেশন থিয়েটার ভাড়া দেওয়া হয়েছিল এবং একটিমাত্র শিশুই জন্ম নেয়। তার সুনাম ক্ষুণ্ন করতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বগুড়া থেকে উদ্ধার হওয়া নবজাতকটি নিখোঁজ শিশু কি না, তা এখনো নিশ্চিত নয়। পরিচয় নিশ্চিত করতে আদালতে ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%