ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল


এনজিওর কিস্তি আর দিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন গোমস্তাপুরের কাজল

পেটে ক্ষুধা, মাথায় এনজিওর কিস্তির বোঝা আর বাবার দিনমজুরি—এমন চরম বাস্তবতা প্রতিদিন চোখ রাঙাত কাজল পাঁড়ের সামনে। তবে অভাবের সেই অন্ধকারকে উপড়ে ফেলে এক ইতিহাস গড়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছেলে কাজল পাঁড়ে। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশ পেয়েছেন তিনি।

কাজলের এই জয়ে ২২ বছর আগে গড়ে ওঠা পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের দীর্ঘদিনের অন্ধকার কাটল। গ্রামটিতে এতদিন কোনো সরকারি চাকরিজীবী ছিলেন না; সেই খরা কাটিয়ে প্রথম সরকারি কর্মকর্তা হিসেবে বিচারকের আসনেই বসতে যাচ্ছেন অদম্য এই তরুণ।

মাধাইপুর গ্রামের ‘তুরি’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমিহীন কৃষক নরেশ পাঁড়ে ও পঞ্চমী জেড়ি দম্পতির একমাত্র ছেলে কাজল। অভাবের তাড়নায় যাঁর তিন বোনের পড়াশোনা প্রাথমিকে পৌঁছানোর আগেই থেমে গিয়েছিল, অল্প বয়সেই দিতে হয়েছিল বিয়ে। অনেক দিন এমনও কেটেছে—ঘরে খাবার না থাকায় না খেয়েই স্কুলে দৌড়েছেন কাজল।

আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম

স্থানীয় মাধাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিশন স্কুল, এনায়েতপুর উচ্চ বিদ্যালয় ও রহনপুর ইউসুফ আলী কলেজে থেকে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে লেখা পড়া শেষ করেন। এরপরই উচ্চশিক্ষার যুদ্ধে নামেন তিনি। প্রথমবার হোঁচট খেলেও দ্বিতীয়বারে বাজিমাত করে একযোগে জগ্ননাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পান। ভর্তি হন রাবির আইন বিভাগে।

ছেলের পড়ার খরচ যোগাতে বাবা নরেশ পাঁড়েকে নামতে হয়েছে কঠিন লড়াইয়ে। এনজিওর কিস্তি তোলা থেকে শুরু করে বাড়িতে দুধের গরু বিক্রি—সবই করেছেন। মানুষের দয়া না চেয়ে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের কাছে গিয়ে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির কঠোর শ্রমিকের কাজ বেছে নেন, সেই মজুরির টাকায় ছেলের শিক্ষার আলো জ্বালিয়ে রাখেন। অন্যদিকে কাজলও ক্যাম্পাসে টিউশনি করে নিজের খরচ চালিয়েছে, কিন্তু তা যথেষ্ট ছিল না। অবশেষে ১৮তম বিজেএসে অর্জন করে সব কষ্টের হিসাব চুকিয়েছেন কাজল।

ছেলে জজ হওয়ায় চোখের জল ধরে রাখতে পারছেন না মা পঞ্চমী জেড়ি। তিনি বলেন, ছেলে চরম কষ্ট করে বড় হবার স্বপ্ন দেখেছিল, তা পূরণ হয়েছে। গাঁয়ের মানুষ এখন আমাদের দেখতে আসছে, এতে আনন্দ ধরে রাখতে পারছি না।

কাজলের বোন স্বপ্না পাড়ে বলেন, দিন আনি দিন খায়- এমন পরিবারের সন্তান আমরা৷ পড়ানোর স্বক্ষমতা না থাকার কারণে আমাদের ৩ বোনকে বিয়ে দিয়ে দেয় পরিবার। যার কারণ
আমরা প্রাথমিক স্তরও পার করতে পারিনি। আমার ভাই লেখা পড়ার জন্য অনেক কষ্ট করেছে।

আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক

কাজলের এমন কৃতিত্বে বাবা নরেশ পাঁড়ে আবেগ আপ্লূত হয়ে নিজের ভাষায় তিনি বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছয় দানে যখ্যান হ্যামার ছোয়া মোবাইল কারেলা তখন ক্যাহালো যে, ‘বা, ভাগয়ান কার আশীর্বাদে হাম জজ’কা চাকরি পালো।’ তখন হাম শুনকে খুশি হল।
তিনি বলেন, হামনি গরিব আবদিন। হামরা মাটি লাড়িচাড়ী। দিন খাটিলা দিন খাইলা। হামি চাই হামার ছোয়া মাটি ও মানুষের কল্যাণে কাজ করবে। ভাগয়ান যেই দায়িত্বটুকু দেইছে সোঠা যেহে ভালো হয়।

কাজলের এমন সাফল্যের খুশি গ্রামবাসীও। তারা বলছেন, মেধাবী শিক্ষার্থী কাজল ও তার পরিবার যেভাবে কঠোর পরিশ্রম করেছে- এমন জায়গায় চাকরি তার প্রাপই।

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশ পাওয়া কাজল পাঁড়ে বলেন, মাধাইপুর গ্রামের সন্তান হিসেবে প্রথম সরকারি চাকরি পাওয়ার বিষয়টি খুবই আনন্দের। এই আনন্দ শুধু আমার একার নয়; আমার পরিবার, গ্রাম, আমার গোষ্ঠীরও।

স্মৃতির পাতা হাতরে পড়ালেখার যাত্রার সবচেয়ে কষ্টের একটি দিন স্মরণ করে তিনি বলেন, পড়ালেখার একপর্যায়ে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যার কারণে, আমার বড় বোন গরু বিক্রি করে হাতে টাকা দিয়েছিল। সেদিনের কথা খুব মনে পড়ে।

আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ

বিচারালয়ে তার উপস্থিতি সাধারণ মানুষের পাশাপাশি নৃগোষ্ঠীর মানুষকে অনুপ্রেরণা যোগাবে বলেও মনে করেন কাজল পাঁড়ে।

কাজলের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. সাজ্জাদ আলী বলেন, গরিব ঘরের সন্তান কাগজের এমন সাফল্যে আমরা খুবই খুশি। তার জীবনের সাফল্য কামনা করি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


জামায়াত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সাথে আঁতাত করে সরকারের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র করছে।

তিনি উল্লেখ করেন, "সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটাধিকারের মাধ্যমে এ সরকার ক্ষমতায় এসেছে।" বর্তমান সরকারের বয়স মাত্র ৭ মাস। জনগণ পাঁচ বছরের জন্য তাদের নির্বাচিত করেছে। তিনি বলেন, "আমরা জনগণের সাথে আছি, যদি জনবিচ্ছিন্ন হয়ে পড়ি তাহলে ৫ বছর পর নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আসবে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "তাহলে হুমকি ধামকি দিয়ে কোন লাভ নেই। আপনারা রাতের আধারে আওয়ামী লীগের সাথে যে আঁতাত করছেন, তা জনগণ বুঝে।"

শনিবার (২৬ সেপ্টেম্বর) সখিপুর উপজেলার পৌর ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম, এএসপি সার্কেল এস এম মামুনুর রশিদ, ওসি মোঃ মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান, সাংগঠনিক সম্পাদক শিকদার মোঃ সবুর রেজা প্রমুখ।

জনাব আযম খান আরও বলেন, "তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট পতিত আওয়ামী সরকারের সময়কার। আমাদের সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামী এক দুই বছরের মধ্যেই সমস্যার সমাধান হবে।"

তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "বিগত সরকার আমাদের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ফেলে গেছে। সাত মাসে এই ভঙ্গুর অবস্থার পুনরুদ্ধার করা সম্ভব নয়।" তিনি আরও জানান, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১৬ ঘণ্টা করে কাজ করেন, একটু সময় দিন, সকল সমস্যার সমাধান হবে।" এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম এমপি, প্রয়াত সাবেক এমপি শওকত মোমেন শাহজাহানের মা এবং সাবেক এমপি অনুপম শাজাহান জয় এর দাদীর মরদেহ দেখতে যান, পুষ্প মাল্য অর্পণ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শাস্তির কবলে অধিনায়ক মিচেল মার্শ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শাস্তির কবলে অধিনায়ক মিচেল মার্শ

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়া ক্রিকেট দল মন্থর গতির বোলিংয়ের কারণে শাস্তির সম্মুখীন হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬৭ রানে পরাজিত হওয়ার পর, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় এই শাস্তির মুখে পড়েছে অস্ট্রেলিয়া। তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়ে থাকে।

অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ, ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আগামীকাল জোহানেসবার্গে দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থান করতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং তার প্রতিনিধি দল। আগামী বুধবার পর্যন্ত তাদের অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এই খবরটি নিশ্চিত করেছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA)।

গত মঙ্গলবার, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে, আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে ইরান হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য তিনটি শর্ত উপস্থাপন করে।

শর্তগুলো হলো: যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, যুক্তরাষ্ট্রে আটকে থাকা বা বাজেয়াপ্ত করা ইরানের অর্থ অবিলম্বে মুক্তি দিতে হবে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ‘প্রতিরোধ ফ্রন্টে’ চলমান যুদ্ধ বন্ধ করতে হবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্টো আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইসলামি প্রজাতন্ত্রে নতুন হামলা চালানোর পরিকল্পনা করছেন। এই তথ্যটি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবি চালু করতে যাচ্ছে নতুন ঘরোয়া টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


বিসিবি চালু করতে যাচ্ছে নতুন ঘরোয়া টুর্নামেন্ট

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটের একটি নতুন টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা করেছে, যা প্রথম শ্রেণি, লিস্ট 'এ' এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হবে।

নতুন এই টুর্নামেন্টের উদ্বোধনের জন্য আগামীকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

৩ অক্টোবর ‘জাতীয় ক্রিকেট লিগ’ (এনসিএল)-এর চার দিনের ম্যাচ দিয়ে ঘরোয়া মৌসুমের কার্যক্রম শুরু হবে। এরপর ওয়ানডে ফরম্যাটের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হবে, যা ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল)-এর আদলে পরিচালিত হবে।

এই প্রস্তাবিত কাঠামোর আওতায় তিনটি ফরম্যাটকে একক ব্যবস্থার অধীনে নিয়ে আসা হবে এবং মালিকানা স্বত্ব করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করা হবে।

বিসিবি প্রাথমিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিন বছরের জন্য মালিকানা স্বত্ব প্রদানের বিষয়টি বিবেচনা করছে। এর মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলো বোর্ডের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের ব্যবস্থাপনায় সরাসরি সম্পৃক্ত হতে পারবে।

ডিসেম্বরে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্ভাব্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেনস ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অন্তর্ভুক্ত রয়েছে।

ছয় নির্বাচক- হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, সাজ্জাদ শিপন, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম ও শামসুর রহমান- ছয়টি দলের সাথে যুক্ত থাকবেন। তারা মূলত দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%