বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:২৮ পি.এম
সরকার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনেই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা এ তথ্য জানিয়েছেন।
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মানসম্মত বই দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই এবার মুদ্রণ, বাঁধাই ও মাঠ পর্যায়ে সরবরাহের কাজ সম্পন্ন হচ্ছে।
বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অবস্থা, নতুন বইয়ের মান এবং বিতরণের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বইয়ের ছাপা ও সরবরাহের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রাথমিক স্তরের বইয়ের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের বইয়ের ৯২ শতাংশের বেশি ইতোমধ্যে উপজেলাপর্যায়ে সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রাথমিক (প্রথম-পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ পিডিআই ও ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বই বিতরণের সময়সূচি ও প্রস্তুতি প্রসঙ্গে ফখরুল মাওলা বলেন, ‘আগে ১ জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নীতি গ্রহণ করেছেন। তাই এবার সে ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচন করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে। পাশাপাশি স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, ‘স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করার কথা রয়েছে। এজন্য আমরা ২৪ থেকে ২৭ ডিসেম্বরের সময়টিকে সামনে রেখে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করছি।’ তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। এনসিটিবি চেয়ারম্যান জানান, সরকার যখন চাইবে, তখনই বই দিতে এনসিটিবি প্রস্তুত রয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে। নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৩ সালের শুরু থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে পাসের শর্ত ভঙ্গের অভিযোগে মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধ নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮৯৮ জন বাংলাদেশি নাগরিক।
বুধবার (২৫ নভেম্বর) মালয়েশিয়ার সংসদে এক লিখিত জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ তথ্য জানান।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড, যেখানে ৪ হাজার ৮৫৬ জন নাগরিক ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। এছাড়া ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪, চীনের ১ হাজার ২০৭, ভিয়েতনামের ১ হাজার ৪৬, পাকিস্তানের ৮২৩, মিয়ানমারের ৫৩১, ভারতের ৫০০, নেপালের ৩২৮, লাওসের ১৭২ এবং ফিলিপাইনের ১৫৭ জন নাগরিকের নামও তালিকায় রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক ভ্রমণ পাস অথবা ভিসামুক্ত সুবিধায় মালয়েশিয়ায় প্রবেশ করা বিদেশি নাগরিকদের কাজ করা বা ব্যবসা পরিচালনার অনুমতি নেই। বৈধ ওয়ার্ক পারমিট ও প্রয়োজনীয় পাস ছাড়া বাণিজ্যিক কার্যক্রম এবং খুচরা ব্যবসা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিভিন্ন চেম্বার অব কমার্সের অভিযোগের প্রেক্ষিতে অবৈধ কাজ ও ব্যবসা বন্ধে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এসব অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, বিশেষ অভিযান ‘অপারেসি সেলেরা’র আওতায় ৭৫৯টি অভিযান চালিয়ে ২ হাজার ৩৩৮ জনকে আটক করা হয়েছে। ‘অপারেসি বেলাঞ্জা’র ৪০৯টি অভিযানে আটক হয়েছেন ৫৮৯ জন এবং ‘অপারেসি জাজা’র ৭৫টি অভিযানে আটক করা হয়েছে ৯০ জন অবৈধ অভিবাসীকে।
নিয়মিত অভিযানের পাশাপাশি অভিবাসন কর্মকর্তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে সার্বক্ষণিক নজরদারি ও পরিদর্শন চালাচ্ছেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মালিক ও নিয়োগকর্তাদের অভিবাসন আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হচ্ছে।
এছাড়া অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী অপরাধী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সব রাজ্যের অভিবাসন বিভাগকে অভিযান বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবানের লামা উপজেলায় একটি ট্রাকের চাপে বেইলি সেতু ভেঙে পড়েছে, যা ভারী এক্সকেভেটর বহন করছিল। এই দুর্ঘটনার ফলে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং দুই ইউনিয়নের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে গজালিয়া সড়কের ছয়মাইল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, ছয়মাইল এলাকায় ভারী এক্সকেভেটর নিয়ে যাওয়া একটি ট্রাক বেইলি সেতু পার হওয়ার সময় সেতুটি ধসে পড়ে। এর ফলে ট্রাক ও এক্সকেভেটরটি সেতুর নিচের খাদে পড়ে যায়। তবে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেতুটি ভেঙে যাওয়ার কারণে দুই ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যে বিকল্প সড়কটি চালু হলে জনদুর্ভোগ কমে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ যেন আর না বাড়ে। তারা যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান দ্রুত খুঁজে বের করার গুরুত্বও তুলে ধরেছেন।
স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশকেন্দ্রে দুই নেতা বৈঠক করেন। বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই বিষয়গুলো জানানো হয়।
বিবৃতিতে বৈঠকটিকে ‘অসাধারণ’ এবং ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইউক্রেন এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাশিয়া যেন ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের বিস্তার ঘটানোর জন্য কোনো পদক্ষেপ না নেয়, সে বিষয়ে তারা আলোচনা করেছেন। পাশাপাশি, যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান দ্রুত খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন।
ট্রাম্প এবং রুটের এই আহ্বান এমন একটি সময়ে এসেছে, যখন গত সপ্তাহে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প তাকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন।
ট্রাম্পের এই মন্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আপত্তি জানিয়েছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের কাছে তিনি একজন হত্যাকারী।’
বুধবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্পের পুতিনকে বন্ধু বলার বিষয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটেকে প্রশ্ন করা হয়।
রুটে জবাবে বলেন, চীনের শেনজেনে বৈঠকসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প মূলত পুতিনের আন্তরিকতা যাচাই করছেন। তিনি বোঝার চেষ্টা করছেন, পুতিন আলোচনার টেবিলে বসতে চান কি না এবং সত্যিকার অর্থে আলোচনায় যুক্ত হতে প্রস্তুত কি না।
রুটে আরও বলেন, ‘আমাদের চাপ অব্যাহত রাখতে হবে। আমার মনে হয়, এই চাপ কাজ করছে। তাই এটি ধরে রাখা জরুরি।’
ট্রাম্পের বিরুদ্ধে ইউক্রেনের তুলনায় রাশিয়ার প্রতি বেশি নমনীয় অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। তবে পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান চান।
এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। এখন পর্যন্ত এসব আলোচনায় অংশ নিয়েছে ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। তবে ইউরোপের কয়েকটি দেশও আলোচনায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ন্যাটোর মহাসচিব রুটে বলেছেন, যুদ্ধ বন্ধে যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।
তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হলে, তা শান্তিচুক্তির মাধ্যমে হোক কিংবা অন্য কোনো উপায় না থাকলে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির মাধ্যমে—ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
রুটে আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনের লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। একই সঙ্গে রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখতে হবে।
তথ্যসূত্র: গলফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ ট্রাইব্যুনালে সমাপনী বক্তব্য দিতে এসে সাংবাদিকদের সামনে তিনি এই প্রত্যাশার কথা তুলে ধরেন, যেখানে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন পক্ষে তার বক্তব্য ছিল।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "আমাদের আইনে যে সর্বোচ্চ শাস্তি একজন ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া, এই মামলায় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।"
আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশন পক্ষে তৃতীয় দিনের (আর্গুমেন্ট) যুক্তি উপস্থাপন শেষে সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল।
গতকাল এই মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এর ফলে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারেননি। চিফ প্রসিকিউটর বলেন, "এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।"
চিফ প্রসিকিউটরের যুক্তি উপস্থাপনের সময় অপর প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এই মামলার যুক্তি উপস্থাপনটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও এই মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপন করে জিয়াউল আহসানের গুম খুনের নির্মমতার চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
সেই সাথে, এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ড তুলে ধরা হয়।
প্রথম দিনের যুক্তি উপস্থাপনের একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, "আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলা সহ নির্মম ও ভয়াবহ অনেক মামলা অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে। রক্ত যেন গায়ে না লাগে সেজন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা।"
তিনি আরও বলেন, "হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহে নদীতে ফেলে দেয়া।"
সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ জিয়াউল আহসানের নেতৃত্বে নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে আজ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিয়েছেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌছাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ