১২:২৮ পি.এম
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : কানাডার সরকারি কৌঁসুলিরা আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির জন্য ২৫ বছরের কারাদণ্ডের আবেদন করেছেন। শুক্রবার আদালতে তারা জানান, অভিযুক্তের শিকার হওয়া অধিকাংশ ব্যক্তিই তরুণ এবং মানসিক সংকটে ভুগছিলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সাবেক শেফ কেনেথ ল চলতি বছরের শুরুতে কানাডায় ১৪ জনের আত্মহত্যায় সহায়তার দায় স্বীকার করেছেন। তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন অনলাইন ফোরামের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে শত শত কথিত ‘আত্মহত্যার কিট’ বা আত্মহত্যার উপকরণ বিক্রির কথা।
আরও পড়ুন: সৌদি আরব ও হুতিদের রাজধানীতে পাল্টাপাল্টি হামলা
তার বিরুদ্ধে হত্যার অভিযোগও আনা হয়েছিল। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে গুরুতর এসব অভিযোগ প্রত্যাহারে সম্মত হন কৌঁসুলিরা। এর বিনিময়ে কেনেথ ল অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধের দায় স্বীকার করেন।
এই সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুরা এর বিরুদ্ধে নিন্দা জানান। তাদের বিশ্বাস, কেনেথ ল সরাসরি তাদের প্রিয়জনদের মৃত্যুর জন্য দায়ী। তবে কৌঁসুলিরা জানিয়েছেন, অভিযোগ কমানো হলেও তার বিরুদ্ধে কঠোর সাজা চাওয়ার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার আদালতে সরকারি কৌঁসুলি কেটি ডোহার্টি বলেন, ‘এই মামলায় কেনেথ ল-এর ২৫ বছরের কারাদণ্ড বা সাজা হওয়া উচিত। তবে ইতোমধ্যে কারাভোগ করা সময় এই সাজা থেকে বাদ দিতে হবে।’
অন্যদিকে, কেনেথ ল-এর আইনজীবীরা তার বিরুদ্ধে কার্যত যাবজ্জীবন কারাদণ্ডের সমতুল্য সাজা দেওয়ার বিরোধিতা করেছেন। ৬১ বছর বয়সী ল আদালতে বলেন, তার কর্মকাণ্ড যে ‘সম্পূর্ণভাবে ভুল’ ছিল, তা তিনি বুঝতে পেরেছেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি নিজেও পরিবর্তিত হয়েছেন।
আরও পড়ুন: শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনিয়ম-দুর্নীতি ও অবসরপ্রাপ্ত কর্মচারীর দায়িত্ব পালন
তিনি বলেন, ‘আমি এখনো অনুতপ্ত।’
সাজা নির্ধারণের ক্ষেত্রে আদালত সাধারণত একই ধরনের আগের মামলাগুলো বিবেচনায় নিয়ে থাকে। তবে কৌঁসুলি কেটি ডোহার্টি উল্লেখ করেন, ‘ল-এর কর্মকাণ্ডের সঙ্গে সামান্যতম মিল রয়েছে, এমন কোনো মামলাও নেই।’
আগামী ২৬ ফেব্রুয়ারি আদালত তার সাজা ঘোষণা করবেন।
অরক্ষিত তরুণদের লক্ষ্যবস্তু
আরও পড়ুন: প্রত্যাবর্তন না চাপ সৃষ্টির কৌশল: রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার উদ্দেশ্য নিয়ে আলোচনা
কেনেথ ল-এর গ্রেপ্তারের পর তার কর্মকাণ্ডের ব্যাপকতা প্রকাশ পেলে কানাডাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তিনি চীন, ফ্রান্স ও ব্রাজিলসহ অন্তত ৪১টি দেশের মানুষের কাছে বিষ বিক্রি করেছিলেন। আসামি ও সরকারি কৌঁসুলিদের স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্রেতাদের কাছে তিনি ৩৩০টি প্যাকেট বিক্রি করেন। কানাডার কৌঁসুলিদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে তার কর্মকাণ্ডের সঙ্গে ৭৯টি মৃত্যুর যোগসূত্র রয়েছে।
কেনেথ ল স্বীকার করেছেন, তিনি ছদ্মনাম ব্যবহার করে আত্মহত্যা-সংক্রান্ত অনলাইন চ্যাট ফোরামে প্রবেশ করতেন। সেখানে যারা আত্মহত্যার কথা ভাবছিলেন, তাদের শনাক্ত করে নিজের অনলাইন দোকানের ঠিকানা দিতেন। এসব দোকানের মাধ্যমে তিনি সোডিয়াম নাইট্রাইট নামের মাংস সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিকের প্রাণঘাতী মাত্রা বিক্রি করতেন।
কৌঁসুলি ডোহার্টি বলেন, কেনেথ ল এমন ব্যক্তিদের কাছে বিষ বিক্রি করেছেন, যারা ‘জীবন শুরুই করছিলেন’ এবং ‘মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন’।
আরও পড়ুন: সাতকানিয়ায় ছাত্রলীগের প্রভাবশালী কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
তিনি বলেন, ‘এই মামলায় এটি অপরাধের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’
কেনেথ ল ২১ বছর বয়সী স্টিফেন মিচেল জুনিয়রের আত্মহত্যায় সহায়তা করার কথা স্বীকার করেছেন। শুক্রবার এ মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত স্টিফেনের বাবা।
টরন্টোর উত্তরে নিউমার্কেটে অবস্থিত আদালত ভবনের বাইরে বৃষ্টিভেজা বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মামলাটিকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে স্টিফেন মিচেল সিনিয়র বলেন, ‘তবে মূল বিষয়টি হলো, একজন ব্যক্তি আমার ছেলের মতো মানসিকভাবে বিপর্যস্ত ও ঝুঁকির মধ্যে থাকা তরুণদের কাছে প্রাণঘাতী পণ্য বিক্রি করছেন। এটি স্পষ্টতই অন্যায়। এ ধরনের কর্মকাণ্ড সমাজের জন্য ক্ষতিকর। তাই এটি অবশ্যই বন্ধ করতে হবে।
আরও পড়ুন: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার পুতিন খাবার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন