০৩:১৬ পি.এম
বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার উদ্দেশ্যে আসিয়ান-এর প্রতি আরও জোরালোভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। একইসাথে তারা অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেছে।
ম্যানিলায় মঙ্গলবার অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, ‘মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ এবং সফলভাবে ফেরত পাঠাতে আসিয়ানের আরও বেশি সক্রিয় হওয়া উচিত।’ তিনি দীর্ঘদিন ধরে চলতে থাকা রোহিঙ্গা সংকট তুলে ধরে অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিক বহুপাক্ষিক সম্পৃক্ততার গুরুত্বও তুলে ধরেন।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনের স্থায়িত্বকে এই অঞ্চলের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। এ সকল সমস্যা কার্যকরভাবে মোকাবেলার জন্য সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।
বৈঠকের ফাঁকে পররাষ্ট্র সচিব ফিলিপাইনের আন্ডার সেক্রেটারি এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এসব বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার বিষয়ে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখযোগ্য যে, আসিয়ান আঞ্চলিক ফোরাম হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক আলোচনা এবং সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে আসিয়ান সদস্য রাষ্ট্র এবং তাদের সংলাপ অংশীদাররা একত্রিত হয়ে মত বিনিময় করে।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন